কলেজছাত্রকে উদ্ধারের দাবিতে কুষ্টিয়ায় মহাসড়ক অবরোধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কুষ্টিয়া-ঝিনাইদহ মহাসড়কের লক্ষ্মীপুর এলাকায় গতকাল শিক্ষার্থীরা অবরোধ করে l প্রথম আলো
কুষ্টিয়া-ঝিনাইদহ মহাসড়কের লক্ষ্মীপুর এলাকায় গতকাল শিক্ষার্থীরা অবরোধ করে l প্রথম আলো

তিন দিনেও খোঁজ মেলেনি কুষ্টিয়ায় অপহৃত কলেজছাত্র সাগর সাহার। তাঁকে উদ্ধারের দাবিতে সহপাঠীরা গতকাল শনিবার মহাসড়ক অবরোধ ও মানববন্ধন করেছে। সাগরের সন্ধান না পাওয়ায় ভেঙে পড়েছে তার পরিবারের সদস্যরা। তবে পুলিশ আগামী ২৪ ঘণ্টার মধ্যে সাগরকে উদ্ধারের আশ্বাস দিয়েছে।

সদর উপজেলার লক্ষ্মীপুর গ্রামের ব্যবসায়ী প্রদীপ সাহার ছেলে স্থানীয় খাতের আলী ডিগ্রি কলেজের দ্বাদশ শ্রেণির ছাত্র সাগর সাহা (১৯) গত বুধবার সন্ধ্যায় অপহৃত হন। তিনি বাড়ি থেকে বাইসাইকেল নিয়ে বাজার করতে বের হওয়ার পর আর ফিরে আসেননি। পরে অজ্ঞাতপরিচয় ব্যক্তি সাগরের মুঠোফোন থেকে তাঁর বাবার কাছে প্রথমে ৫০ লাখ টাকা এবং পরে ৩০ লাখ টাকা মুক্তিপণ দাবি করেন।

এদিকে গত শুক্রবার সন্ধ্যায় স্থানীয় হরিনারায়ণপুর বাজারসংলগ্ন সেচ ক্যানেলের পাশ থেকে সাগরের বাইসাইকেল ও বাজারের ব্যাগ উদ্ধার করেছে পুলিশ। সাগর অপহৃত হওয়ার প্রতিবাদে লক্ষ্মীপুর খাতের আলী ডিগ্রি কলেজের শিক্ষার্থীরা গতকাল সকালে কলেজের সামনে কুষ্টিয়া-ঝিনাইদহ মহাসড়ক অবরোধ ও মানববন্ধন করে। তারা ২ ঘণ্টা ধরে অবরোধ করে রাখলে ওই সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। পরে পুলিশ গিয়ে আগামী ২৪ ঘণ্টার মধ্যে সাগরকে উদ্ধারের আশ্বাস দিলে অবরোধ প্রত্যাহার করে শিক্ষার্থীরা।

কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রতন শেখ বলেন, ‘শুধু পুলিশ নয়, অপহৃত সাগরকে উদ্ধারে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সব এজেন্সি একযোগে মাঠে নেমেছে। আমরা সম্মিলিতভাবে সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছি। আশা করা যাচ্ছে, খুব স্বল্প সময়ের মধ্যে সাগরকে উদ্ধারে সক্ষম হব।’

সাগরের মা অর্চনা সাহা খাওয়া ছেড়ে অসুস্থ হয়ে এরই মধ্যে শয্যাশায়ী হয়েছেন। পরিবারের অন্য সদস্যদেরও নির্ঘুম রাত কাটছে। সাগরের বাবা প্রদীপ সাহা বলেন, ‘আমি তো কখনো কারও ক্ষতি করিনি, তবে কেন আমার ছেলেকে ধরে নিয়ে গেল? আমি মুক্তিপণের টাকা দিয়ে হলেও আমার ছেলেকে ফেরত চাই।’

একসময় কুষ্টিয়া সদর উপজেলায় চরমপন্থীদের রাজত্ব ছিল। সে সময় এই এলাকায় মুক্তিপণের দাবিতে মানুষ অপহরণের ঘটনা প্রায়ই ঘটত। পরে র‍্যাব-পুলিশের সঙ্গে ক্রসফায়ারে অধিকাংশ চরমপন্থী নিহত হলে এলাকায় শান্তি ফিরে আসে। তবে হঠাৎই সাগর অপহরণের ঘটনা এলাকার মানুষের মধ্যে নতুন করে আতঙ্ক ছড়াচ্ছে।