কলেজছাত্রকে কুপিয়ে জখম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জয়পুরহাট সরকারি কলেজের ইংরেজি বিভাগের প্রথম বর্ষের শিক্ষার্থী তুষার হোসেনকে (২২) কুপিয়ে জখম করেছে একদল দুর্বৃত্ত। গুরুতর আহত অবস্থায় তাঁকে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পুলিশ জানায়, গতকাল সোমবার দুপুর পৌনে একটার দিকে ইংরেজি বিভাগের নির্বাচনী পরীক্ষা শেষে তুষার বাড়ি ফিরছিল। কলেজের পেছনে শান্তিনগর এলাকায় গেলে একদল দুর্বৃত্ত তাঁকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করে। পরে আশপাশের লোকজন তাঁকে উদ্ধার করে জয়পুরহাট জেলা আধুনিক হাসপাতালে ভর্তি করেন।
কলেজের উপাধ্যক্ষ শফিকুল ইসলাম জানান, পরীক্ষা শেষে বাড়ি ফেরার পথে এ ঘটনা ঘটেছে। কে বা কারা এ হামলা চালিয়েছে তা জানা যায়নি।
তুষারের সহপাঠীরা জানান, শান্তিনগর এলাকায় ১০-১২ জন সন্ত্রাসী তুষারকে কুপিয়ে জখম করে।
জয়পুরহাট সদর থানার ওসি আবদুর রশিদ সরকার জানান, শান্তিনগর এলাকার কয়েকজন সন্ত্রাসী পূর্বশত্রুতার জের ধরে এ ঘটনা ঘটিয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। তাঁদের আটকের চেষ্টা চলছে। তবে এ বিষয়ে থানায় কোনো মামলা করা হয়নি।