কলেজছাত্রকে কুপিয়ে হত্যা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মেহেরপুর সদর উপজেলার শোলমারী গ্রামে মিঠুন (২২) নামের এক কলেজছাত্রকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। গতকাল মঙ্গলবার গ্রামের পুড়াতলা এলাকার একটি মাঠ থেকে পুলিশ তাঁর লাশ উদ্ধার করেছে। মিঠুন মেহেরপুর পৌর কলেজের এইচএসসি দ্বিতীয় বর্ষের ছাত্র ছিলেন। এদিকে গত সোমবার মাদারীপুর সদর উপজেলার ঝাউদি ইউনিয়নের উত্তর ব্রাহ্মন্দী প্রাথমিক বিদ্যালয়ের সেপটিক ট্যাংকের ভেতর থেকে দেলোয়ার হোসেন (২৮) নামের এক ব্যক্তির লাশ উদ্ধার করা হয়েছে। মিঠুনের বাবা কোরমান মণ্ডল জানান, সোমবার বিকেলে বাড়ি থেকে বের হওয়ার পর মিঠুন আর বাড়ি ফেরেনি। মেহেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মতিয়ার রহমান জানান, গতকাল সকালে স্থানীয় লোকজন পুড়াতলা এলাকার একটি মাঠে লাশটি পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয়। পরে পুলিশ গিয়ে লাশটি উদ্ধার করে মেহেরপুর জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়। লাশের গলা এবং পায়ের রগ কাটা অবস্থায় ছিল। কী কারণে এই হত্যাকাণ্ড, তা পুলিশ এখনো নিশ্চিত হতে পারেনি। স্থানীয় ও পুলিশ সূত্র জানায়, সোমবার উত্তর ব্রাহ্মন্দী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা সেপটিক ট্যাংকের ভেতরে একটি লাশ দেখতে পায়। খবর পেয়ে বিকেলে গিয়ে পুলিশ গলাকাটা অবস্থায় এক ব্যক্তির লাশ উদ্ধার করে। পরে লাশটি মাদারীপুরের কুলপদ্বী-শিমুলতলা এলাকার হারুন-অর-রশিদের ছেলে দেলোয়ার হোসেনের বলে শনাক্ত করা হয়।মাদারীপুর সদর থানার ওসি মো. মনিরুজ্জামান বলেন, নিহত দেলোয়ারের বিরুদ্ধে মাদারীপুর সদর ও শরীয়তপুরের নড়িয়া থানায় একাধিক ডাকাতি মামলা রয়েছে। ডাকাতি মামলায় কারাগারে থাকার পর কোরবানি ঈদের আগে জামিনে বের হন দেলোয়ার।