কলেজছাত্রকে খুন করে থানায় আত্মসমর্পণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলায় গত সোমবার তৌহিদুর রহমান ওরফে টুটুল (২০) নামের এক কলেজছাত্রকে গলা কেটে খুন করেছেন তাঁর ফুফাতো ভাই নজির খাঁ (৩০)। পরে তিনি রক্তমাখা ছুরি নিয়ে থানায় আত্মসমর্পণ করেন।
তৌহিদুর গোয়ালন্দ শহরের বালিয়াডাঙ্গা গ্রামের নাগর সরদারের ছেলে এবং স্থানীয় কামরুল ইসলাম ডিগ্রি কলেজের দ্বাদশ শ্রেণীর ছাত্র ছিলেন। নজির তৌহিদুরের বাবার চাচাতো বোনের ছেলে। এ ঘটনায় রাতেই তৌহিদুরের বড় ভাই বাবর আলী নজির খাঁসহ সাতজনকে আসামি করে গোয়ালন্দ থানায় মামলা করেন।
হত্যার সঙ্গে জড়িত সন্দেহে নজিরের ভাতিজা রাসেল সরদারকে (২২) মারধর করে উত্তেজিত জনতা থানায় সোপর্দ করেছেন। গতকাল মঙ্গলবার হত্যাকারীর ফাঁসির দাবিতে এলাকাবাসী ও কলেজের শিক্ষার্থীরা শহরে মিছিল ও মানববন্ধন করেছেন।
পুলিশ ও পরিবার সূত্র জানায়, সোমবার সন্ধ্যার দিকে তৌহিদুর বালিয়াডাঙ্গা বেড়িবাঁধ সড়ক দিয়ে বাড়ি ফিরছিলেন। এ সময় নজির খাঁ তাঁর পেটে ছুরি ঢুকিয়ে দেন। এতে তৌহিদুর সড়কে লুটিয়ে পড়েন। একপর্যায়ে নজির তাঁকে গলা কেটে হত্যা করেন। এরপর রিকশাযোগে গোয়ালন্দ থানায় গিয়ে আত্মসমর্পণ করেন। সন্ধ্যা ছয়টার দিকে পুলিশ লাশ উদ্ধার করে। খুনের খবর ছড়িয়ে পড়লে এলাকার লোকজন নজিরের ভাতিজা রাসেলকে গোয়ালন্দ রেলগেট থেকে ধরে মারধরের পর থানায় সোপর্দ করেন।
সোমবার রাতে থানা হেফাজতে নজির খাঁ জানান, তিন বছর বাহরাইনে থাকার পর গত ১৭ সেপ্টেম্বর তিনি দেশে ফেরেন। পরে জানতে পারেন, বিদেশে থাকার সময় তৌহিদুরের সঙ্গে তাঁর স্ত্রীর অবৈধ সম্পর্ক গড়ে উঠেছে। এ নিয়ে তিনি স্ত্রীকে মারধর করলে শ্বশুরবাড়ির লোকজন তাঁকে (স্ত্রী) নিয়ে যান। এর পর থেকে স্ত্রী আর ফেরেননি। গোয়ালন্দ ঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল বাসার বলেন, নজির থানায় আত্মসমর্পণের পর খুনের কথা স্বীকার করেছেন।