কলেজছাত্রকে গ্রেপ্তারে উচ্চ মহলের নাম ভাঙালেন এসআই
অভিযোগটি ছিল একটি ফ্ল্যাটে স্বর্ণালংকার চুরির। আসামির তালিকায় কারও নাম ছিল না। কিন্তু নারায়ণগঞ্জের ফতুল্লা মডেল থানার উপপরিদর্শক (এসআই) ওয়াহিদুজ্জামান উচ্চ মহলের নাম ভাঙিয়ে সন্দেহভাজন আসামি হিসেবে বাদীর খালাতো ভাই এক কলেজছাত্রকে (১৭) গ্রেপ্তার করে। এরপর জিজ্ঞাসাবাদের জন্য তিন দিনের রিমান্ডের আবেদন জানিয়ে পাঠায় আদালতে। আদালতের নির্দেশে কিশোর ওই ছাত্রকে গতকাল শনিবার নারায়ণগঞ্জ জেলহাজতে পাঠানো হয়। ঘটনার শিকার ওই কিশোর সরকারি তোলারাম কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্র। তার মামা মো. ওয়াজেদ সাংবাদিকদের জানান, চুরির ঘটনায় জড়িত থাকার অভিযোগে গত শুক্রবার রাত ১২টার দিকে এসআই ওয়াহিদুজ্জামান তাঁর কলেজছাত্র ভাগনেকে আটক করে থানায় নিয়ে যান। পরিবারের লোকজন আটকের কারণ জানতে চাইলে এসআই জানান, ‘চুরির ঘটনার মামলার ব্যাপারে উচ্চ মহলের তদবির আছে। তাই গ্রেপ্তার করা হয়েছে।’ পরে তাঁর ভাগনেকে ছেড়ে দেওয়ার বিনিময়ে ২০ হাজার টাকা দাবি করেন ওয়াহিদুজ্জামান। এসআইকে ১৭ হাজার টাকা দেওয়া হয়।যোগাযোগ করা হলে এসআই ওয়াহিদুজ্জামান জানান, ‘বাদীর সঙ্গে কলেজছাত্রের পরিবারের দ্বন্দ্ব রয়েছে। তাই তাকে (কলেজছাত্র) গ্রেপ্তার করা হয়েছে। মামলাটি গুরুত্বসহকারে দেখতে উচ্চ মহল থেকে ফোন এসেছে। টাকা নেওয়ার অভিযোগ সত্য নয়।’