কলেজছাত্রকে বস্তাবন্দী অবস্থায় উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নাটোরের সিংড়া উপজেলার শেরকোল এলাকা থেকে গতকাল শুক্রবার এক কলেজছাত্রকে বস্তাবন্দী অবস্থায় উদ্ধার করা হয়েছে৷ তাঁর নাম রাকিব হাসান (২৩)৷ তিনি বগুড়ার সরকারি আজিজুল হক কলেজের স্নাতক (সম্মান) তৃতীয় বর্ষের ছাত্র৷ এদিকে নওগাঁর ধামইরহাটে প্রতিপক্ষের হামলায় জালাল উদ্দিন (৬৮) নামের এক ব্যক্তি খুন হয়েছেন।
এলাকাবাসী ও পরিবার সূত্র জানায়, সিংড়া উপজেলার শেরকোল এলাকায় স্থানীয় লোকজন গতকাল সকাল ছয়টার দিকে নাটোর-বগুড়া সড়কের পাশের খালে পণ্যবোঝাই একটি চটের বস্তা দেখতে পান। বস্তার ভেতর কিছু একটা নড়াচড়া করতে দেখে লোকজন বস্তাটি সড়কের ওপর ওঠান। এরপর বস্তা খুলে একজন যুবককে অচেতন অবস্থায় দেখতে পান। এলাকাবাসী তাৎক্ষণিকভাবে তাঁকে সিংড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। কর্তব্যরত চিকিৎসক তাঁকে উন্নত চিকিৎসার জন্য বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন।
রাকিবের বাবা হবিবর রহমান বলেন, ১৩ জুন সিংড়ার নিজ গ্রাম ছাতনদীঘি থেকে সিংড়ার উদ্দেশে বের হওয়ার পর রাকিব নিখোঁজ হন। তখন থেকে তাঁর মুঠোফোন বন্ধ পাওয়া যাচ্ছিল। দুই দিন পর একটি মুঠোফোন থেকে তাঁকে অপহরণের কথা জানানো হয়। মুক্তিপণ হিসেবে ৫০ হাজার টাকা দাবি করা হয়। কিন্তু কিছু সময় পর থেকে ওই মুঠোফোন বন্ধ হয়ে যাওয়ায় মুক্তিপণের টাকা পরিশোধ করা সম্ভব হয়নি। মুক্তিপণ না পেয়ে অপহরণকারীরা অচেতন অবস্থায় রাকিবকে ফেলে রেখে গেছে বলে তিনি ধারণা করছেন৷
এদিকে ধামইরহাট উপজেলার ছিলিম গ্রামের মাঠে ওই গ্রামের কৃষক কফিল উদ্দিন আমন ধানের বীজতলায় বীজ বপন করেন। গতকাল দুপুর ১২টার দিকে প্রতিবেশী রাসেলের কয়েকটি গরু ওই বীজতলার ধান নষ্ট করে ফেলে। এ নিয়ে কফিল উদ্দিনের স্ত্রী জোছনার সঙ্গে রাসেলের বাগ্বিতণ্ডা হয়৷ একপর্যায়ে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে। এ সময় জোছনার চাচা জালাল উদ্দিন ঘটনাস্থলে এলে প্রতিপক্ষের লোকজন বাঁশের লাঠি দিয়ে আঘাত করলে তাঁর মাথা ফেটে যায়। গ্রামবাসী তাঁকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে তিনি মারা যান। এ ঘটনায় আরও তিনজন আহত হয়েছেন৷