কলেজছাত্রকে মারপিট তারাগঞ্জে এক ঘণ্টা মহাসড়ক অবরোধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রংপুরের তারাগঞ্জ উপজেলার তারাগঞ্জ কারিগরি ও ব্যবসায় ব্যবস্থাপনা মহাবিদ্যালয়ের দুই ছাত্রকে মিনিবাসের চালক মারপিট করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। ঘটনার প্রতিবাদে কলেজের শিক্ষার্থীরা রংপুর-দিনাজপুর মহাসড়ক এক ঘণ্টা অবরোধ করে রাখে।গতকাল শনিবার সকাল সাড়ে নয়টায় ওই কলেজের ছাত্র মশিয়ার রহমান ও শাহ আলম কলেজে যাওয়ার জন্য ইকরচালী বাসস্ট্যান্ডে সাহেরা নামের একটি মিনিবাসে ওঠে। বাসটি তারাগঞ্জ হাসপাতালের কাছে কলেজের সামনে পৌঁছালে ছাত্ররা থামাতে বলে। কিন্তু চালক ওই স্থানে না থামিয়ে তারাগঞ্জ বাসস্ট্যান্ডে থামায়। এ নিয়ে চালক ও দুই ছাত্রের মধ্যে কথা-কাটাকাটি শুরু হয়।প্রত্যক্ষদর্শী ও ছাত্ররা জানায়, একপর্যায়ে চালক রাসেল মিয়া ওই দুই ছাত্রকে মারপিট করেন। বিষয়টি কলেজের অন্য শিক্ষার্থীরা জানতে পারলে তারা সকাল সাড়ে ১০টায় রংপুর-দিনাজপুর মহাসড়কের তারাগঞ্জ হাসপাতালের সামনে অবরোধ করে।খবর পেয়ে তারাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কৃষ্ণ সরকার, কুর্শা ইউনিয়নের চেয়ারম্যান শহিনুর ইসলাম, তারাগঞ্জ মোটর শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক কামরুজ্জামান ও কলেজের অধ্যক্ষ আবদুল হামিদ ঘটনাস্থলে যান। তাঁরা গাড়ির চালক রাসেল মিয়ার বিচার করার আশ্বাস দিলে ছাত্ররা সাড়ে ১১টায় অবরোধ তুলে নেয়।গাড়ির চালক রাসের মিয়া মুঠোফোনে বলেন, ‘ভাই, আমার বাড়িও তো তারাগঞ্জে। আমি ওদের মারপিট করিনি। ওই দুই ছাত্রই আমার সঙ্গে খারাপ ব্যবহার করেছে।’