চুরির মামলায় সন্দেহভাজন হিসেবে গ্রেপ্তার নারায়ণগঞ্জ সরকারি তোলারাম কলেজের ছাত্র আল-ফেসানীকে মুক্তির দাবি জানিয়েছে তার সহপাঠী ও এলাকাবাসী। একই সঙ্গে তাকে গ্রেপ্তারের পর ঘুষ নেওয়ার অভিযোগে ফতুল্লা মডেল থানার উপপরিদর্শক (এসআই) ওয়াহিদুজ্জামানকে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়ার দাবি জানিয়েছে। অন্যথায় কঠোর আন্দোলন গড়ে তোলার হুমকি দিয়েছে তারা।
নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সামনে গতকাল সোমবার সকালে মানববন্ধন করে তারা ওই দাবি জানায়।
মানববন্ধনে সহপাঠীরা বলে, পুলিশ অন্যায়ভাবে আল-ফেসানীকে ‘মিথ্যা’ মামলায় গ্রেপ্তার করে কারাগারে পাঠিয়েছে। একই সঙ্গে নিরীহ এক কলেজছাত্রের জীবন কলঙ্কিত করা হয়েছে।
মানববন্ধনে মা হাসিনা খাতুন অভিযোগ করেন, পুলিশ তাঁর ছোট ছেলে আল-ফেসানীকে ‘মিথ্যা’ মামলায় গ্রেপ্তার করেই ক্ষান্ত হয়নি। বিষয়টি নিয়ে বাড়াবাড়ি না করতে পুলিশ ও তাঁর ভাগ্নিজামাই নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের কর নির্ধারণ কর্মকর্তা আবদুল হান্নান তাঁদের নানাভাবে হুমকি-ধামকি ও চাপ দিচ্ছেন। এমনকি এই বিষয়ে সাংবাদিকদের জানালে অপর দুই ছেলেকে মিথ্যা মামলায় ফাঁসানো ও বাড়ি দখল করার হুমকি দিচ্ছেন। এ অবস্থায় পরিবার নিয়ে নিরাপত্তাহীনতায় ভুগছেন। এই বিষয়ে পুলিশ সুপারের হস্তক্ষেপ চেয়েছেন তিনি।
অভিযোগ অস্বীকার করে আবদুল হান্নান বলেন, ‘চুরির মামলায় কারও নাম দিইনি। তবু পুলিশ কেন আল-ফেসানীকে গ্রেপ্তার করেছে জানি না।’
বক্তব্য জানতে এসআই ওয়াহিদুজ্জামানের মুঠোফোনে কল দিলেও তিনি ফোন ধরেননি।
ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকতার হোসেন জানান, কলেজছাত্রের পরিবার ও সহপাঠীদের অভিযোগের বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।