কলেজছাত্রকে রগ কেটে হত্যা
রংপুরের পীরগাছা উপজেলায় গত সোমবার রাতে এক কলেজছাত্রকে বাসা থেকে ডেকে নিয়ে হাত-পায়ের রগ কেটে হত্যা করা হয়েছে।নিহত শিপন ইসলাম (২০) উপজেলার ইটাকুমারী শিবচন্দ্র রায় কলেজের একাদশ শ্রেণীর ছাত্র ও বামন সরদার গ্রামের মৃত আবুল হোসেনের বড় ছেলে।এ ঘটনায় শিপনের মা রোকেয়া বেগম গতকাল মঙ্গলবার অন্নদানগর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সদস্য মফিজ উদ্দিন, তাঁর ছেলে রাজু মিয়াসহ ২২ জনকে আসামি করে পীরগাছা থানায় হত্যা মামলা করেছেন। এর মধ্যে জয়নাল আবেদীন (৫২) নামের এক এজাহারভুক্ত আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।মামলার এজাহার ও এলাকাবাসী সূত্রে জানা যায়, উপজেলার পঞ্চানন গ্রামের মফিজের ছেলে রাজুর সঙ্গে পাশের বামন সরদার গ্রামের শিপনের বিরোধ চলছিল। গত সোমবার সন্ধ্যা সাতটার দিকে মফিজ ও তাঁর লোকজন শিপনকে বাড়ি থেকে ডেকে পঞ্চানন গ্রামের বাড়িতে নিয়ে যায়। মফিজের বাড়িতে নিয়ে সন্ত্রাসীরা শিপনের হাত-পা বেঁধে বেধড়ক মারধর করে হাত-পায়ের রগ কেটে দেয়। একপর্যায়ে তাঁকে মৃত ভেবে পঞ্চানন গ্রামের সেতুর নিচে ফেলে দেয়। রাত সাড়ে ১০টার দিকে পথচারীরা গোঙানির শব্দ শুনে শিপনকে দেখতে পায়। হাসপাতালে নেওয়ার প্রস্তুতিকালে তাঁর মৃত্যু হয়। গতকাল মঙ্গলবার সকালে পুলিশ শিপনের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়। লাশের সুরতহাল প্রস্তুতকারী ও মামলার তদন্ত কর্মকর্তা পীরগাছা থানার উপপরিদর্শক (এসআই) মনোরঞ্জন রায় প্রথম আলোকে বলেন, কলেজছাত্র শিপনের ডান হাত ও বাঁ পায়ের রগ কেটে হত্যা করা হয়েছে। তাঁর শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন ছিল। শিপন হত্যাকাণ্ডের ঘটনায় গভীর শোক প্রকাশ করে তীব্র নিন্দা জানিয়েছেন ইটাকুমারী শিবচন্দ্র রায় কলেজের প্রভাষক আফজাল হোসেন। তিনি বলেন, ‘শিপন মেধাবী ছাত্র ছিল। হত্যাকারীদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে।’এ ব্যাপারে পীরগাছা থানার পরিদর্শক (তদন্ত) নজরুল ইসলাম জানান, গ্রেপ্তার হওয়া আসামি জয়নাল আবেদীনকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। প্রধান আসামি মফিজ ও তাঁর ছেলে পলাতক।