কলেজছাত্রকে হত্যার অভিযোগ চাচার বিরুদ্ধে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার উত্তর কেরোয়া গ্রামের এক কলেজছাত্রের ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। গতকাল রোববার চাঁদপুরের ফরিদগঞ্জের রগুনাথপুর এলাকা থেকে তাঁর লাশ উদ্ধার করা হয়।নিহত ছাত্রের নাম আবদুল আল জাবেদ (১৮)। তিনি ফরিদগঞ্জ উপজেলার গৃদকালিন্দিয়া হাজেরা হাসমত ডিগ্রি কলেজের দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থী। পরিবারের অভিযোগ, পূর্বশত্রুতার জের ধরে জাবেদের চাচা মো. ইব্রাহিম পরিকল্পিতভাবে জাবেদকে হত্যা করে লাশ গাছের সঙ্গে ঝুলিয়ে রাখেন। খুন হওয়ার আশঙ্কার কথা জানিয়ে জাবেদের বাবা আহাম্মদ উল্লাহ কয়েকদিন আগে রায়পুর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন।নিহতের মা মনোয়ারা বেগমের ভাষ্যমতে, তাঁর দেবর মো. ইব্রাহিমের সঙ্গে দীর্ঘদিন ধরে তাঁদের শত্রুতা চলছে। প্রায় তিন বছর আগে ইব্রাহিম সহযোগীদের নিয়ে এলোপাতাড়ি কুপিয়ে তাঁকে ও তাঁর স্বামীকে গুরুতর জখম করেন। এর পরও বিভিন্নভাবে পরিবারের সদস্যদের হত্যার হুমকি দিচ্ছিলেন ইব্রাহিম। গত শনিবার জাবেদকে বাড়ি থেকে ডেকে নিয়ে ফরিদগঞ্জের মাসিমপুর বাজার এলাকায় হত্যা করে লাশ গাছে ঝুলিয়ে রাখেন ইব্রাহিম। মুঠোফোনে যোগাযোগ করা হলে আত্মগোপনে থাকা মো. ইব্রাহিম জাবেদকে হত্যার অভিযোগ অস্বীকার করে বলেন, ‘আমার ভাতিজা মানসিক সমস্যায় ভুগছে। প্রায়ই সে বাড়ি থেকে বের হয়ে চলে যায়। আমার সঙ্গে ভাইয়ের জমি-সংক্রান্ত বিরোধের কারণে এমন অপপ্রচার চালানো হচ্ছে।’ফরিদগঞ্জ থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) আবদুল মজিদ বলেন, ‘আমরা জাবেদের ঝুলন্ত লাশ উদ্ধার করেছি। এ ঘটনায় অপমৃত্যুর মামলা হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য চাঁদপুর সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।’