কলেজছাত্রদের সংঘর্ষে প্রাণ গেল কিশোরের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের লাশঘরে ট্রলিতে পড়ে আছে এক কিশোরের রক্তাক্ত নিথর দেহ৷ ওই ঘরের তালাবদ্ধ কলাপসিবল ফটকের শিক অাঁকড়ে বাইরে বসে আহাজারি করছেন ওই কিশোরের মা জুলিয়া হক৷ তাঁর বিশ্বাসই হচ্ছিল না ছেলে নেই৷
সঙ্গে থাকা স্বজনেরা জুলিয়া হককে সেখান থেকে সরিয়ে নেওয়ার চেষ্টা করছিলেন৷ এতে তিনি বারবারই বলছিলেন, ‘নািড়ছেঁড়া ধন রেখে কোথায় যাব আমি। আমার মনে হচ্ছে ও মরে নাই। ৫০ টাকা নিয়ে বাইরে গেল, আর এখানে এসে লাশ দেখছি। কী করে বিশ্বাস করব বলেন।’
নিহত ওই কিশোরের নাম আয়াজ হক (১৬)৷ গতকাল সোমবার বিকেলে ঢাকা সিটি কলেজের ছাত্রদের দুই পক্ষের মারামারিতে প্রাণ গেছে তার৷ তাকে পিটিয়ে ও ছুরিকাঘাতে হত্যা করা হয়৷ চলতি বছর গবর্ণমেন্ট ল্যাবরেটরি স্কুল থেকে এসএসসি পাস করা আয়াজ এখনো কলেজে ভর্তি হয়নি। তার বড় ভাই আশদ্বীন হক সিটি কলেজের উচ্চমাধ্যমিক শ্রেণির বিজ্ঞান বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্র। তাদের বাবা শহীদুল হক আইনজীবী।
আশদ্বীন হক প্রথম আলোকে জানায়, কিছুদিন আগে কলেজের বাণিজ্য বিভাগের ছেলেরা ফুটবল টুর্নামেন্টের আয়োজন করে। টুর্নামেন্টের এন্ট্রি ফি তিন হাজার টাকা ধরা হয়। বাণিজ্য বিভাগের ছেলেরা তাকে বিজ্ঞান বিভাগ থেকে এন্ট্রি ফি হিসেবে ১৮ হাজার টাকা তুলে দিতে চাপ দিচ্ছিল। এ নিয়ে বিবাদে গত শনিবার টুর্নামেন্টের আয়োজকেরা তাকে একদফা মারধর করে। গতকাল দুপুরে আরেক দফা মারধর করা হয়।
ওই কলেজের ছাত্ররা ও পুলিশ জানায়, ওই খেলা নিয়ে গতকাল বিকেল চারটার দিকে কলেজ এলাকার রাস্তায় বিজ্ঞান ও বাণিজ্য বিভাগের ছাত্রদের মধ্যে সংঘর্ষ শুরু হয়। পুলিশ লাঠিপেটা করে তাদের ছত্রভঙ্গ করে দেয়৷ পরে ছাত্ররা মিরপুর সড়ক থেকে জিগাতলা পর্যন্ত এলাকায় ছোট ছোট দলে বিভক্ত হয়ে দফায় দফায় মারামারি করে৷ ঘণ্টা খানেক এ অবস্থা চলে৷ এর মধ্যে কোনো একটি দল সীমান্ত স্কয়ারের সামনে আয়াজকে পিটিয়ে ও ছুরিকাঘাত করে ফেলে রেখে যায়। পুলিশ সাড়ে ছয়টার দিকে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা মৃত ঘোষণা করেন।
ধানমন্ডি থানার পরিদর্শক (তদন্ত) অশোক চৌহান বলেন, আয়াজ সংঘর্ষে জড়িয়ে পড়েছিল, না সংঘর্ষের মধ্যে পড়ে নিহত হয়েছে, তা নিশ্চিত হওয়া যায়নি। এ ঘটনায় জড়িত সন্দেহে কয়েকজনকে আটক করা হয়েছে।