কলেজছাত্রসহ তিন জেলায় তিনটি লাশ উদ্ধার
চুয়াডাঙ্গা থেকে গতকাল বুধবার এক কলেজছাত্রের লাশ উদ্ধার করেছে পুলিশ। একই দিনে পিরোজপুরের মঠবাড়িয়ায় একজন কৃষকের লাশ উদ্ধার করা হয়েছে। গত মঙ্গলবার নড়াইলের চিত্রা নদী থেকে পাওয়া গেছে এক তরুণের লাশ। আমাদের প্রতিনিধিদের পাঠানো খবর:চুয়াডাঙ্গা: শহরের ফার্মপাড়ার বদর উদ্দিনের ছেলে ও চুয়াডাঙ্গা সরকারি কলেজের স্নাতক (সম্মান) দ্বিতীয় বর্ষের ছাত্র সোয়ানুর রহমান (২৩) মঙ্গলবার সকালে তাঁর মোটরসাইকেল নিয়ে বাড়ি থেকে বের হন। এরপর তিনি আর বাড়ি ফেরেননি। সদর থানার পুলিশ গতকাল সকাল ১০টায় পৌর এলাকার কুলচারায় নবগঙ্গা নদীর পাড় থেকে তাঁর লাশ উদ্ধার করে। সদর থানার পরিদর্শক (তদন্ত) মো. ফারুক হোসেন জানান, এ ঘটনায় নিহত কলেজছাত্রের ছোট ভাই মো. হোসেন বাদী হয়ে থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন।নড়াইল: মঙ্গলবার বেলা ১১টার দিকে নড়াইলের চিত্রা নদী থেকে কাজল দাসের (২৭) লাশ উদ্ধার করা হয়। তিনি নড়াইল পৌরসভার কুড়িগ্রামের বাঁধাঘাট এলাকার সোনা দাসের ছেলে। মঙ্গলবার সকাল আটটার দিকে চিত্রা নদীর বাঁধাঘাট এলাকায় গোসল করতে যান তিনি। পরে বাড়িতে ফিরে না আসায় পরিবারের লোকজন তাঁকে খোঁজাখুঁজি করতে থাকে। পরে খুলনা থেকে ডুবুরির একটি দল এসে বেলা ১১টার দিকে বাঁধাঘাটের পাশ থেকেই কাজলের লাশ উদ্ধার করে।মঠবাড়িয়া (পিরোজপুর): উপজেলার মিরুখালী গ্রামের সোলায়মান হাওলাদার (৩০) মঙ্গলবার রাতে ঘর থেকে বের হয়ে আর ফেরেননি। গতকাল সকালে সোলায়মানের মা পিয়ারা বেগম বাড়ির পুকুরের পাশে একটি শুকনো নালার মধ্যে ছেলের লাশ দেখতে পান। খবর পেয়ে দুপুরে মঠবাড়িয়া থানার পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পিরোজপুর জেলা হাসপাতালের মর্গে পাঠায়। মঠবাড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম এ যাহিদ বলেন, দুর্বৃত্তরা সোলায়মানকে শ্বাসরোধে হত্যা করেছে বলে ধারণা করা হচ্ছে। তাঁর গলা ও চোখে আঘাতের চিহ্ন আছে।