কলেজছাত্রসহ তিনজন খুন
কুড়িগ্রামের উলিপুর উপজেলায় পারিবারিক কলহের জের ধরে ছোট ভাইয়ের লাঠির আঘাতে বড় ভাই খুন হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।
এ ছাড়া গতকাল রোববার রংপুরের মিঠাপুকুর উপজেলার গোপালপুর ইউনিয়নের শাল্টিগোপালপুর শালবন থেকে ময়নুল ইসলাম (২২) নামের এক কলেজছাত্রের লাশ উদ্ধার করা হয়েছে। তাঁর বাড়ি তারাগঞ্জ উপজেলার হাড়িয়ারকুঠি ইউনিয়নের কওলাপাড়া গ্রামে। একই দিন পাবনার ফরিদপুর উপজেলায় গ্রামবাসীর গণপিটুনিতে আবদুল আজিজ (৩৫) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। আমাদের প্রতিনিধিদের পাঠানো খবর:
উলিপুর (কুড়িগ্রাম): পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, শনিবার দিবাগত রাত ১০টার দিকে কালপানি বজরা টাপুরচর গ্রামের জোবেদ মিয়ার (৫৫) স্ত্রীর সঙ্গে ছোট ভাই আবদুল হাকিমের স্ত্রীর ঝগড়া হয়। এ সময় দুই ভাই তাঁদের স্ত্রীদের পক্ষ নেন। কথা-কাটাকাটির একপর্যায়ে আবদুল হাকিম রড দিয়ে তাঁর বড় ভাই জোবেদ মিয়ার মাথায় আঘাত করেন। উলিপুর স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে জোবেদ মিয়া মারা যান। এ ঘটনায় জোবেদ মিয়ার মেয়ে শেফালী বেগম বাদী হয়ে আবদুল হাকিমসহ তিনজনকে আসামি করে উলিপুর থানায় হত্যা মামলা করেন। পুলিশ আসামি আবদুল হাকিমের স্ত্রী আলেয়া বেগমকে গ্রেপ্তার করেছে।
তারাগঞ্জ (রংপুর): শনিবার বেলা দুইটার দিকে ময়নুল রংপুর যাওয়ার উদ্দেশে বাড়ি থেকে বের হন। গতকাল মিঠাপুকুরের ওই শালবনে স্থানীয় লোকজন তাঁর লাশ দেখে থানায় খবর দেন। পরে পুলিশ গিয়ে লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।
মিঠাপুকুর থানার ওসি মোয়াজ্জেম হোসেন জানান, লাশের শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। ময়নুল জয়পুরহাট সরকারি কলেজের স্নাতক চতুর্থ বর্ষের ছাত্র ছিলেন।
পাবনা: গতকাল বেলা ১১টার দিকে সন্ত্রাসী হিসেবে পরিচিত আবদুল আজিজ উপজেলার হাদল গ্রামের হাদল মাদ্রাসা এলাকায় গেলে ক্ষুব্ধ এলাকাবাসী তাঁকে আটক করে গণপিটুনি দেন। খবর পেয়ে পুলিশ গিয়ে তাঁকে উদ্ধার করে পাবনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
লাশ উদ্ধার: ঠাকুরগাঁও প্রতিনিধি জানান, গতকাল সকালে রানীশংকৈল উপজেলার নেকমরদ ফরিদপাড়া গ্রাম থেকে কাঞ্চন বেগম (১৯) নামের এক গৃহবধূর লাশ উদ্ধার করেছে পুলিশ।
রাত করে বাড়ি ফেরা নিয়ে ওই গ্রামের নাসিরুল হকের সঙ্গে তাঁর স্ত্রী কাঞ্চনের প্রায়ই ঝগড়া হতো। গত শনিবার রাতে নাসিরুল দেরিতে বাড়ি ফিরলে আবারও তাঁদের মধ্যে ঝগড়া হয়। গতকাল সকালে ঘরের সিলিং ফ্যানের সঙ্গে কাঞ্চনকে ঝুলতে দেখে পরিবারের লোকজন পুলিশকে খবর দেন। পরে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে।