কলেজছাত্রসহ দুজনের প্রাণ কেড়ে নিল ট্রাক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানী পুরানা পল্টন মোড়ে গতকাল বৃহস্পতিবার ভোরে বেপরোয়া গতির ট্রাক কেড়ে নিয়েছে কলেজছাত্রসহ দুজনের প্রাণ। নিহত দুজন হলেন ঢাকা কলেজের ইংরেজি বিভাগের সম্মান প্রথম বর্ষের ছাত্র পারভেজ আহমেদ (২৩) ও তাঁর খালাতো ভাই আবদুস সালাম (২৫)।

পুলিশ জানায়, ভোর পাঁচটার দিকে একটি ট্রাক পল্টন মোড়ে পেছন থেকে একটি রিকশাকে চাপা দিয়ে পালিয়ে যায়। এতে ওই রিকশার যাত্রী পারভেজ ও সালাম গুরুতর আহত হন। তাঁদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাঁদের মৃত ঘোষণা করেন। খবর পেয়ে  স্বজনেরা হাসপাতালে গিয়ে কান্নায় ভেঙে পড়েন।

পারভেজের গ্রামের বাড়ি জামালপুরের দেওয়ানগঞ্জের পূর্ব দপ্তরপাড়ায়।  দুই ভাই ও দুই বোনের মধ্যে পারভেজ ছিলেন বড়। সালাম মা-বাবার সঙ্গে কামরাঙ্গীরচরের ব্যাটারিঘাট বড়গ্রামে থাকতেন। তিনি রেস্তোরাঁর ব্যবসা করতেন। সালামের মা সানোয়ার বেগম জানান, পারভেজ তাঁদের বাসায় থেকে পড়াশোনা করতেন। পাঁচ দিন আগে সালামকে নিয়ে পারভেজ জামালপুরে গিয়েছিলেন। সেখান থেকে ট্রেনে গতকাল ভোরে কমলাপুর রেলস্টেশনে নেমে দুই ভাই রিকশায় কামরাঙ্গীরচরের বাসায় আসছিলেন।

পল্টন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম সারোয়ার বলেন, চালক ট্রাকটি নিয়ে পালিয়ে গেছেন। এ ঘটনায় রিকশাচালকও আহত হন।