কুষ্টিয়া, সিরাজগঞ্জ, সুনামগঞ্জ, নীলফামারী ও ভোলায় গত দুই দিনে পৃথক সড়ক দুর্ঘটনায় কলেজছাত্রসহ পাঁচজনের মৃত্যু হয়েছে। আমাদের আঞ্চলিক কার্যালয় ও প্রতিনিধিদের পাঠানো খবর:কুষ্টিয়া: রোববার সকাল নয়টার দিকে পানচাষি আজিজুল পান নিয়ে নসিমনে করে বিত্তিপাড়া বাজারে আসছিলেন। কুষ্টিয়া-খুলনা মহাসড়কের বিত্তিপাড়া নামক স্থানে ঝিনাইদহ থেকে ছেড়ে আসা দূরপাল্লার যাত্রীবাহী একটি বাস পেছন থেকে সজোরে ধাক্কা দিলে নসিমনটি উল্টে যায়। এতে ঘটনাস্থলেই আজিজুল মারা যান। আজিজুল হক কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয় থানা এলাকার মনোহরদী গ্রামের বাসিন্দা।রায়গঞ্জ (সিরাজগঞ্জ): ঢাকা-বগুড়া মহাসড়কে উপজেলার দাথিয়া দিগর নামক স্থানে গতকাল ভোরে যাত্রীবাহী বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে একজন নিহত ও পাঁচজন আহত হয়েছে। আহত ব্যক্তিদের আশঙ্কাজনক অবস্থায় বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহত ব্যক্তির পরিচয় পাওয়া যায়নি।তাহিরপুর (সুনামগঞ্জ): রোববার বিকেলে একটি খালি ট্রলি উপজেলার চানপুর থেকে বড়ছড়ায় যাওয়ার সময় চানপুরে ট্রলির চাপায় মনির হোসেন নামের এক শিশু মারা গেছে। মনির উপজেলার রজনীলাইন গ্রামের আবদুস ছাত্তারের ছেলে।নীলফামারী: ডিমলা-জলঢাকা সড়কের কালীগঞ্জ ব্যারাজে গতকাল সকালে মোটরসাইকেলের চাপায় ফিরোজা বেগম (৬৫) নামের একজনের মৃত্যু হয়েছে। জলঢাকা উপজেলার খারিজা গোলনা গ্রামের ফিরোজা বেগম ঘটনার সময় রাস্তা পার হচ্ছিলেন। এ সময় মোটরসাইকেলের চাপায় তিনি আহত হন। পরে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তাঁর মৃত্যু হয়।চরফ্যাশন (ভোলা): গতকাল বেলা ১১টার দিকে চরফ্যাশন-ভোলা সড়কে লালমোহনের কুঞ্জেরহাট বাজার-সংলগ্ন বৌদ্ধ মন্দিরের কাছে যাত্রীবাহী বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী রাকিব (১৭) নিহত হয়। অপর আরোহী আক্তারকে মুমূর্ষু অবস্থায় ভোলা সদর হাসপাতালে নেওয়া হয়েছে। রাকিব চরফ্যাশন মহাবিদ্যালয়ের দ্বাদশ শ্রেণীর ছাত্র।