কলেজছাত্রী, দুই গৃহবধূসহ চারজনের অপমৃত্যু
রাজধানীতে গত দুই দিনে এক কলেজছাত্রী, দুই গৃহবধূসহ চারজনের অপমৃত্যু হয়েছে। তাঁদের লাশ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। দুই গৃহবধূর মৃত্যুর ঘটনায় পুলিশ তাঁদের স্বামীদের আটক করেছে।কাফরুল থানার পুলিশ জানায়, খবর পেয়ে গতকাল শুক্রবার ভোর সাড়ে চারটার দিকে সম্মিলিত সামরিক হাসপাতাল থেকে কলেজছাত্রী মাহফুজা আনমের (১৮) লাশ উদ্ধার করে তারা। তিনি বিএএফ শাহীন কলেজের উচ্চমাধ্যমিক দ্বিতীয় বর্ষের ছাত্রী ছিলেন। পরিবার সূত্র পুলিশকে জানিয়েছে, তারা বাংলাদেশ বিমানবাহিনীর বাশার ঘাঁটির নীহারিকা আবাসিক এলাকায় থাকে। প্রাক্-নির্বাচনী পরীক্ষায় খারাপ করায় গত বৃহস্পতিবার রাতে মাহফুজাকে তাঁর মা বকাঝকা করেন। এতে অভিমান করে তিনি গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন।কাফরুল থানার উপপরিদর্শক (এসআই) জাকির হোসেন সাংবাদিকদের বলেন, প্রাথমিক তদন্তে ঘটনাটিকে আত্মহত্যা বলে মনে হচ্ছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর বিস্তারিত জানা যাবে। মাহফুজার বাবার নাম মেহেদী হাসান। গ্রামের বাড়ি খুলনার দৌলতপুরে।বনানী থানার এসআই মনিরুজ্জামান বলেন, গতকাল সকাল আটটার দিকে মহাখালী টিবি গেট এলাকার একটি বাসা থেকে চন্দ্রা রানী দে (২৫) নামের এক গৃহবধূর লাশ উদ্ধার করা হয়। প্রাথমিক তদন্তে জানা গেছে, তাঁর স্বামী জুয়েল হাওলাদার একটি বেসরকারি টিভি চ্যানেলে কর্মরত। বৃহস্পতিবার রাতে তিনি কর্মস্থল থেকে বাসায় ফেরার পর ভাত রান্না করা নিয়ে চন্দ্রার সঙ্গে তাঁর ঝগড়া হয়। এর জের ধরে চন্দ্রা গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন। পরে জুয়েল লাশ নামিয়ে পুলিশে খবর দেন।মনিরুজ্জামান বলেন, আলামত দেখে এটি আত্মহত্যা বলেই মনে হচ্ছে। এ ঘটনায় জুয়েলকে আটক করা হয়েছে। চন্দ্রার গ্রামের বাড়ি খুলনার রূপসা উপজেলার তালতলায়।বনানী থানার দক্ষিণপাড়া এলাকায় বৃহস্পতিবার রাতে গৃহবধূ মোছাম্মৎ সাথীর (২২) অস্বাভাবিক মৃত্যু হয়েছে। বনানী থানা সূত্র জানায়, সাথীর শ্বশুরবাড়ির লোকজন তাঁর লাশ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। তারা জানায়, সাথী আত্মহত্যা করেছেন। পরে লাশ মর্গে পাঠানো হয়। খবর পেয়ে পুলিশ মর্গে যায়।পুলিশ জানায়, তাদের ধারণা, পারিবারিক কলহের জেরে সাথী আত্মহত্যা করেছেন। তবে সাথীর পরিবারের অভিযোগ, যৌতুক না দেওয়ায় তাঁকে হত্যা করা হয়েছে। এ ঘটনায় সাথীর স্বামী মো. সোহাগকে আটক করা হয়েছে।হাসপাতাল সূত্র জানায়, গতকাল সকালে মেরুল বাড্ডায় মাছের আড়তের সামনে তুরাগ পরিবহনের একটি মিনিবাসের চাপায় মো. শাহীন (২৫) নামের এক যুবক মারা যান। ওই মিনিবাসটি আটক করা হলেও চালক পালিয়ে গেছেন। শাহীনের গ্রামের বাড়ি বরগুনায়। বাবা আবদুর রহিম। এ ঘটনায় থানায় মামলা হয়েছে।