কলেজছাত্রী অপহরণের চেষ্টা, গ্রেপ্তার ১

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চুয়াডাঙ্গার আলমডাঙ্গা ডিগ্রি কলেজের একাদশ শ্রেণীর এক ছাত্রীকে অপহরণের চেষ্টার অভিযোগে তপু রায়হান (৩০) নামের এক তরুণকে পুলিশ গত শুক্রবার রাতে গ্রেপ্তার করেছে। আলমডাঙ্গা কলেজপাড়ার এক বাসা থেকে ওই ছাত্রীকে মাইক্রোবাসে করে তুলে নেওয়ার চেষ্টাকালে এলাকাবাসী তাঁকে ধরে পুলিশে সোপর্দ করেন। ছাত্রীর বাবা ঘটনার রাতেই পাঁচজনকে আসামি করে মামলা দায়ের করেন। শনিবার আদালতের মাধ্যমে তপুকে কারাগারে পাঠানো হয়েছে। তপু রায়হান উপজেলার বেলগাছি গ্রামের কুতুবউদ্দিনের ছেলে। এদিকে উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি ও বেলগাছি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আমিরুল ইসলাম স্থানীয় এক সাংবাদিককে দিয়ে ভিডিওচিত্র ধারণ করে তা সম্পাদনা করে গণমাধ্যমকর্মীদের সরবরাহ করেন। ওই ভিডিওচিত্রে তপু রায়হান দাবি করেন, ওই ছাত্রীর সঙ্গে তাঁর দীর্ঘদিনের সম্পর্ক। মেয়েটি তাঁর খরচেই কলেজে পড়াশোনা করে। দুজনে আলমডাঙ্গার ওই বাড়িতে নিয়মিত দেখা করেন। মেয়ের কথা অনুযায়ী শুক্রবার রাতে তাকে নিয়ে যেতে বন্ধুদের সঙ্গে তিনি আলমডাঙ্গায় আসেন।ছাত্রীর বাবা জানান, তপু দীর্ঘদিন ধরে মেয়েকে উত্ত্যক্ত করায় তাকে আলমডাঙ্গা শহরের কলেজপাড়ায় নানার বাড়ি রেখে পড়াশোনা করাতেন। শুক্রবার রাতে ওই বাড়ি থেকে তাকে অপহরণ করতে গেলে স্থানীয় লোকজন তপুকে ধরে পুলিশে দেয়। তবে তিনি বিএনপি করায় আওয়ামী লীগ নেতা আমিরুল ইসলাম অপহরণের মামলা নিয়েও রাজনীতি করছেন।আমিরুল ইসলাম বলেন, ‘তপু একজন সন্ত্রাসী, তাঁর পক্ষে থাকার প্রশ্নই ওঠে না। আমাকে হত্যা করার জন্য যারা এর আগে তাঁকে ব্যবহার করেছেন, সেই মদদদাতাদের নাম জানতেই বক্তব্য ভিডিও করা হয়েছে।’মামলার তদন্তকারী কর্মকর্তা আলমডাঙ্গা থানার উপপরিদর্শক (এসআই) লুৎফুল কবীর জানান, তপুকে কারাগারে পাঠানো হয়েছে। বাকিদের ধরতে পুলিশ মাঠে নেমেছে।