কলেজছাত্রী এসিড সন্ত্রাসের শিকার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ময়মনসিংহের নান্দাইল উপজেলায় এক কলেজছাত্রীকে এসিডে ঝলসে দিয়েছেন এক তরুণ। গুরুতর অবস্থায় তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। মেয়েটি উচ্চমাধ্যমিকের প্রথম বর্ষের শিক্ষার্থী। কলেজছাত্রীর স্কুলশিক্ষক বাবার ভাষ্য অনুযায়ী, তাঁর মেয়ে গতকাল মঙ্গলবার সকাল নয়টার দিকে গ্রামের বাড়ি থেকে নছিমনে (সেচযন্ত্রচালিত যান) চড়ে ময়মনসিংহ শহরের বাস ধরতে আঠারবাড়ি রওনা দেয়। পথে গাড়িতে যাত্রীর ছদ্মবেশে একই গ্রামের শফিকুল ইসলাম (২২) ওঠেন। একপর্যায়ে শফিকুল মুঠোফোন নম্বর চান। মেয়েটি তা দিতে অসমঞ্চতি জানালে শফিকুল নিজের কাছে রাখা সিরিঞ্জ দিয়ে তাঁর মুখে এসিড নিক্ষেপ করে পালিয়ে যান। তাঁর চিৎকারে স্থানীয় লোকজন এগিয়ে আসেন। পরে তাঁকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।মেয়ের বাবা বলেন, ‘আমার মেয়ের মুখটা ওই ছেলে শেষ করে দিল। সে এখন হাসপাতালে মৃত্যুযন্ত্রণায় কাতরাচ্ছে।’ প্রত্যক্ষদর্শী ও এলাকাবাসীর অনেকে জানান, শফিকুল মেয়েটিকে দীর্ঘদিন ধরেই হয়রানি করে আসছেন। মেয়েটি তাঁর প্রেমের প্রস্তাবে সাড়া না দেওয়ায় তিনি ক্ষিপ্ত হয়ে ওঠেন। স্থানীয় ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য আ. মান্নান বলেন, ‘ঘটনাটি ন্যক্কারজনক। এর উপযুক্ত বিচার হওয়া উচিত।’অভিযুক্ত শফিকুলের বাড়িতে গেলে কাউকে পাওয়া যায়নি। নান্দাইল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার জাহিদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘শফিকুল ইসলাম কিশোরগঞ্জের গুরুদয়াল কলেজের ছাত্র। তাঁর বিরুদ্ধে এসিড নিক্ষেপের সাক্ষ্য-প্রমাণ পাওয়া গেছে।’