কলেজছাত্রী এসিডদগ্ধ নিক্ষেপকারী গ্রেপ্তার
চাচাতো ভাইয়ের ছোড়া এসিডে দগ্ধ হয়েছেন সিলেটের মোগলাবাজার থানা এলাকার বাসিন্দা এক কলেজছাত্রী। গতকাল মঙ্গলবার এসিড নিক্ষেপকারী লায়েক আহমদকে (২৬) পুলিশ গ্রেপ্তার করেছে। গতকাল বিকেলে লায়েক এসিড নিক্ষেপের কথা স্বীকার করে আদালতে জবানবন্দি দিয়েছেন।পুলিশ জানায়, সিলেটের দক্ষিণ সুরমার নূরজাহান মেমোরিয়াল ডিগ্রি কলেজের একাদশ শ্রেণীর ছাত্রী লাকি বেগম গত রোববার রাত নয়টায় মোগলাবাজারের সিলাম-বিরাহিমপুরের নিজ বসতঘরের বাথরুমে এসিডদগ্ধ হন। এ ঘটনায় মোগলাবাজার থানায় কলেজছাত্রীর বাবা তৈমুছ আলী বাদী হয়ে মামলা করেন। মামলায় কলেজছাত্রীর বর্ণনা অনুযায়ী চাচাতো ভাই লায়েক আহমদকে আসামি করা হয়।মোগলাবাজার থানার উপপরিদর্শক ও মামলার তদন্ত কর্মকর্তা নূর মোহাম্মদ জানান, বিকেলে সিলেটের জ্যেষ্ঠ বিচারিক হাকিম মোয়াজ্জেম হোসেনের আদালতে ঘটনার দায় স্বীকার করে লায়েক জবানবন্দি দেন। লায়েক জবানবন্দিতে উল্লেখ করেন, লায়েক শহরতলির টুকেরবাজারে একটি ওয়ার্কশপ পরিচালনার ব্যবসা করেন। সেখানে ব্যবহূত ব্যাটারি থেকে এসিড সংগ্রহ করে কলেজছাত্রীর ওপর নিক্ষেপ করেন। কলেজছাত্রী লাকি সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের চতুর্থ তলার ৬ নম্বর ওয়ার্ডের বার্ন ইউনিটে চিকিৎসাধীন।