কলেজছাত্রী ও অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার
ফরিদপুরে অজ্ঞাত যুবক (২৫) এবং পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলায় কাজল আক্তার (১৭) নামের এক কলেজছাত্রীর লাশ উদ্ধার করা হয়েছে। কাজল উপজেলার বড়মাছুয়া গ্রামের ইউনুছ মিয়ার মেয়ে এবং মঠবাড়িয়া সরকারি কলেজের একাদশ শ্রেণীর ছাত্রী।মঠবাড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুর রব খান জানান, গত শুক্রবার সন্ধ্যায় কাজল ঘরে বসে কীটনাশক পান করে। এ সময় পরিবারের লোকজন তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন। রাত সাড়ে সাতটার দিকে কাজল মারা যায়। খবর পেয়ে পুলিশ হাসপাতাল থেকে তার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পিরোজপুর জেলা হাসপাতাল মর্গে পাঠায়। এ ঘটনায় থানায় অপমৃত্যু মামলা হয়েছে।মঠবাড়িয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক বশির আহমেদ জানান, কাজল কীটনাশক পান করায় তার মৃত্যু হয়েছে।ফরিদপুর কোতোয়ালি থানার উপপরিদর্শক (এসআই) অখিল কুমার দাস বলেন, গতকাল শনিবার সকাল ১০টার দিকে ফরিদপুর শহরতলির ডিক্রিরচর ইউনিয়নের মুন্সিডাঙ্গি এলাকায় পদ্মা নদী থেকে অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার করা হয়। ময়নাতদন্তের জন্য লাশটি ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। তাঁর পরনে বিস্কুট রঙের জ্যাকেট, চেক শার্ট ও নীল রঙের জিনসের প্যান্ট রয়েছে। এ ব্যাপারে থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে।