কলেজছাত্রী ও গৃহবধূর অস্বাভাবিক মৃত্যু
রাজধানীর ইসলামপুর ও বনানী এলাকায় গতকাল মঙ্গলবার দুজনের অস্বাভাবিক মৃত্যু হয়েছে। তাঁরা হলেন কলেজছাত্রী সারা বিনতে ইফতি (১৭) ও গৃহবধূ সুমাইয়া আক্তার (২২)। ময়নাতদন্তের জন্য দুজনের লাশ মর্গে পাঠিয়েছে পুলিশ।
কোতোয়ালি থানার পুলিশ বলেছে, উচ্চমাধ্যমিক প্রথম বর্ষের ছাত্রী সারা ইসলামবাগে মা-বাবার সঙ্গে থাকত। সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে সারাকে তার শোবার ঘরে ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় দেখেন পরিবারের সদস্যরা। তাঁরা সারাকে মিটফোর্ড হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। খবর পেয়ে পুলিশ হাসপাতালে যায় ও ময়নাতদন্তের জন্য লাশ স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।
কোতোয়ালি থানার উপপরিদর্শক এনামুল হক বলেন, পরিবারের তথ্য অনুযায়ী সারা আত্মহত্যা করেছে। ময়নাতদন্ত প্রতিবেদন পেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।
রাত নয়টার দিকে সংজ্ঞাহীন অবস্থায় গৃহবধূ সুমাইয়াকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান স্বামী আরিফুল হক। চিকিৎসক সুমাইয়াকে মৃত ঘোষণা করেন। আরিফুল সাংবাদিকদের বলেন, রাতে সুমাইয়া বাসার ফ্যানের সঙ্গে ঝুলে আত্মহত্যা করেছেন।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির কর্মকর্তা বাচ্চু মিয়া বলেন, মৃত্যুর কারণ জানতে ময়নাতদন্তের জন্য সুমাইয়ার লাশ মর্গে পাঠানো হয়েছে।