কলেজছাত্রী ও গৃহবধূর অস্বাভাবিক মৃত্যু
রাজধানীতে কলেজছাত্রী ও গৃহবধূর অস্বাভাবিক মৃত্যু হয়েছে। মৃতরা হলেন ইডেন কলেজের ইসলামিক স্টাডিজের প্রথম বর্ষের ছাত্রী টুম্পা আক্তার (২০) ও গৃহবধূ ফারজানা মজুমদার (১৭)।পুলিশ ও মৃতদের পারিবারিক সূত্র জানায়, ইডেন কলেজের ছাত্রী টুম্পা আক্তার তাঁর মা-বাবার সঙ্গে কামরাঙ্গীরচরের দক্ষিণ মুনশীর হাটে থাকতেন। গত শুক্রবার সকালে টুম্পা তাঁদের বাসা থেকে বেরিয়ে কামরাঙ্গীরচর এলাকায় তাঁর বোনের বাসায় বেড়াতে যান। সেখান থেকে ফোন পেয়ে তিনি বের হন। সন্ধ্যায় টুম্পার মোবাইল ফোনে এক যুবক নিজেকে টুম্পার বন্ধু পরিচয়ে তাঁর ভগ্নিপতি মনির হোসেনের সঙ্গে কথা বলেন। একপর্যায়ে টুম্পা তাঁর ভগ্নিপতিকে জানান, তিনি বিষ খেয়েছেন, তাকে যেন মাফ করে দেওয়া হয়। এ সময় মনির হোসেন টুম্পার বন্ধু পরিচয়দানকারীকে অনুরোধ করেন টুম্পাকে হাসপাতালে ভর্তি করতে। পরে টুম্পার স্বজনেরা রাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে টুম্পাকে মৃত পান।এদিকে গতকাল দুপুরে মগবাজার এলাকার ৬৬৭/১, গাবতলার বাসার শোয়ার ঘরের দরজা ভেঙে সিলিং ফ্যানের সঙ্গে গলায় ওড়না প্যাঁচানো অবস্থায় গৃহবধূ ফারজানা মজুমদারের ঝুলন্ত লাশ উদ্ধার করে পুলিশ। পরে লাশ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়।ফারজানার মামা নুরুল হক মর্গে সাংবাদিকদের জানান, ফারজানার স্বামী আবদুল্লাহ আল মাহমুদের সঙ্গে এক নারীর পরকীয়া রয়েছে। এ ঘটনা জানতে পেরে ফারজানা গলায় ফাঁস লাগান।