কলেজছাত্রী ও তরুণের লাশ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফরিদপুরে দীপ্তি সাহা (১৯) নামের এক কলেজছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। গতকাল শুক্রবার সকাল ছয়টার দিকে শহরের খোদাবক্স সড়কে ওই ছাত্রীর বসতঘরের আড়ার সঙ্গে ঝুলন্ত অবস্থায় লাশটি উদ্ধার করা হয়।

একই দিন বরিশালের গৌরনদী উপজেলার বার্থী ইউনিয়নের কটকস্থল গ্রাম থেকে পুলিশ আজাদ আকন (২২) নামের এক তরুণের লাশ উদ্ধার করেছে। আজাদ ওই গ্রামের মৃত ইসমাইল আকনের ছেলে।

পারিবারিক সূত্রে জানা গেছে, দীপ্তি সাহা খোদাবক্স সড়কের ডাল ব্যবসায়ী বিদ্যুৎ কুমার সাহার মেয়ে। তিনি ফরিদপুর সরকারি রাজেন্দ্র কলেজের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের শিক্ষার্থী। দুই বোন ও এক ভাইয়ের মধ্যে তিনি দ্বিতীয়। আগামী ২ মার্চ দীপ্তির বিয়ের দিন ধার্য করা হয়েছিল। তবে গত বৃহস্পতিবার দীপ্তির দাদির মৃত্যু হওয়ায় নির্ধারিত তারিখে এ বিয়ের আয়োজন অনিশ্চিত হয়ে পড়ে।

এ ব্যাপারে দীপ্তির বাবা বিদ্যুৎ কুমার সাহা বাদী হয়ে থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করেছেন।

গৌরনদী মডেল থানার ওসি আলাউদ্দিন মিলন বলেন, ধারণা করা হচ্ছে আজাদকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। স্থানীয়রা নিজ বাড়ির পাশের পানবরজ–সংলগ্ন এলাকায় আজাদের লাশ দেখে থানায় খবর দেয়। পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠায়।