কলেজছাত্রী ধর্ষণচেষ্টার অভিযোগ, মেয়র নিলেন ‘নিষ্পত্তি’র উদ্যোগ!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মধ্যরাতে কলেজছাত্রীর ঘরে প্রবেশ করে ধর্ষণচেষ্টার অভিযোগ ছিল একই কলেজের এইচএসসি পরীক্ষার্থী এক ছাত্রের বিরুদ্ধে। ধর্ষণচেষ্টাকারীকে হাতেনাতে আটক করে ছাত্রীর পরিবার থানায় গিয়ে পুলিশে অভিযোগ করেছিল। কিন্তু পুলিশ এ অভিযোগ গ্রহণ না করে বরং ঘটনা সামাজিকভাবে ‘নিষ্পত্তি’ করার জন্য উপজেলা আওয়ামী লীগের সভাপতি পৌর মেয়র লুৎফুর রহমানের হাতে উভয় পক্ষকে তুলে দেয়।সিলেটের কানাইঘাটে গত শনিবার রাতের এ ঘটনা পরদিন রোববার পৌর মেয়র ধর্ষণচেষ্টাকারীর পরিবারের কাছ থেকে আর্থিক ক্ষতিপূরণ নিয়ে ‘নিষ্পত্তি’ করার উদ্যোগ নেন। পৌর মেয়রের এমন উদ্যোগে কানাইঘাট পৌর শহরজুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। যোগাযোগ করলে মেয়র ‘নিষ্পত্তি’র উদ্যোগ নেওয়ার কথা স্বীকার করলেও আর্থিক ক্ষতিপূরণের বিষয়টি অস্বীকার করেন। মেয়র প্রথম আলোকে বলেন, ‘অভিযুক্ত ছাত্র এইচএসসি পরীক্ষার্থী। আজ (গতকাল) তার ইংরেজি পরীক্ষা। পুলিশে সোপর্দ করলে ছাত্রের ভবিষ্যৎ নষ্ট হয়ে যাবে বলে আমি উদ্যোগ নিয়েছি।’ঘটনা সম্পর্কে ছাত্রীর পরিবার ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, শনিবার রাত সাড়ে ১২টায় ছাত্রীর বসতঘরের শয়নকক্ষে চিৎকার শুনে পরিবারসহ প্রতিবেশীরা এগিয়ে যায়। ঘরে তখন একই এলাকার এইচএসসি পরীক্ষার্থী ছাত্রকে পাওয়া যায়। এ সময় প্রতিবেশীসহ ছাত্রীর পরিবারের লোকজন ওই ছাত্রকে ঘরে বেঁধে রেখে পরদিন রোববার সকালে তাকে নিয়ে কানাইঘাট থানায় যায়। দুজন একই কলেজের ছাত্রছাত্রী হওয়ায় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল হোসেন কানাইঘাট পৌরসভার মেয়র লুৎফুর রহমানের সঙ্গে যোগাযোগ করেন। এ সময় মেয়র ছাত্রকে ছেড়ে দিয়ে দুই পরিবারের লোকজনকে তাঁর কার্যালয়ে নিয়ে যাওয়ার কথা বলেন। সেখানে গেলে মেয়র ছাত্রীর পরিবারের কাছ থেকে পুরো ঘটনা জেনে অভিযুক্ত ছাত্রের পক্ষ নিয়ে ঘটনা ‘আপস-নিষ্পত্তি’র প্রস্তাব দেন।মেয়র ছাত্রীর পরিবারকে জানান, অভিযুক্ত ছাত্র এইচএসসি পরীক্ষার্থী। পুলিশে সোপর্দ করলে গতকালের পরীক্ষা দেওয়া হবে না। তার ভবিষ্যৎ নষ্ট হয়ে যাবে। এ কারণে কিছু আর্থিক ক্ষতিপূরণ দিয়ে নিষ্পত্তির পরামর্শ দেন। ওই সময়ের প্রত্যক্ষদর্শী কয়েকজন জানান, মেয়র লুৎফুর রহমান ছাত্রীর পরিবার গরিব হওয়ায় আর্থিক ক্ষতিপূরণ নিয়ে ঘটনাটি থানায় অভিযোগ করা থেকে বিরত থাকার পরামর্শ দেন। মেয়রের এ পরামর্শে কোনো প্রতিক্রিয়া না দেখিয়েই ছাত্রীর পরিবারের সদস্যরা বাড়ি চলে যান। মেয়র অভিযুক্ত ছাত্রের পরিবারের কাছ থেকে ছাত্রীর আর্থিক ক্ষতিপূরণ বাবদ এক লাখ টাকা নিয়েছেন। তবে গতকাল সোমবার পর্যন্ত ওই টাকা তিনি ছাত্রীর পরিবারের কাছে দেননি বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। এ ব্যাপারে ছাত্রীর পরিবারের সদস্যরা ঘটনার কথা সম্পর্কে সংবাদমাধ্যমের কাছে বললেও মেয়রের ‘নিষ্পত্তি’ প্রসঙ্গ নিয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি। গতকাল বিকেলে যোগাযোগ করলে মেয়র লুৎফুর রহমান অবশ্য আর্থিক ক্ষতিপূরণ বাবদ টাকা নেওয়ার বিষয়টি অস্বীকার করেন।ঘটনা সম্পর্কে তিনি প্রথম আলোকে বলেন, ‘তেমন কিছু ঘটেনি। ছেলেটি (অভিযুক্ত) ওই বাড়িতে গিয়ে দরজায় বাইরে থেকে একটি টোকা দিয়েছিল। এ সময় তাকে ধরে ছাত্রীর পরিবারের সদস্যরা আটকে রেখে পরদিন থানায় যায়। আমি তার কাছে জানতে চেয়েছিলাম, তুমি দরজায় টোকা কেন দিলা? তখন সে জানায়, তাকে মেয়েটি ফোন করে নিয়েছিল। এতে আমার ধারণা হয়েছে, মেয়ের সঙ্গে ছেলের যোগাযোগ রয়েছে। তা ছাড়া দুজনই একই কলেজের ছাত্রছাত্রী। কিছু ঘটলেও ইভ টিজিংজাতীয় কিছু ঘটেছে। এ জন্য বিষয়টি থানা-পুলিশ না করে সামাজিকভাবে নিষ্পত্তি করে দিলাম।’‘নিষ্পত্তি’ টাকার মাধ্যমে হয়েছে কি না, জানতে চাইলে মেয়র বলেন, ‘এগুলো অপপ্রচার। আমার কানেও এসেছে, আমি নাকি টাকা নিয়েছি। কিছু বেকার মানুষ এগুলো রটাচ্ছে। ছেলেটি এইচএসসি পরীক্ষার্থী, এ জন্য সামাজিকভাবে নিষ্পত্তি করা হয়েছে তার ভবিষ্যৎ চিন্তা করে।’অভিযুক্ত ব্যক্তিরা থানায় গেলেও মামলা বা অভিযোগ না নিয়ে মেয়রের কাছে পাঠানো প্রসঙ্গে কানাইঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল হোসেন বলেন, ‘তারা (ছাত্রীর পরিবার) থানায় এসেছিল ঠিক। কিন্তু উভয় পক্ষের কথাবার্তা শুনে আমার কাছে মনে হয়েছে, ছাত্রী ও ছাত্রের মধ্যে প্রেমের সম্পর্ক ছিল। এ কারণে আমি অভিযোগের সত্যতা যাছাই করতে মেয়রের কাছে পাঠিয়েছিলাম।’ওসি দাবি করেন, মেয়রের কাছে যেতে উভয় পক্ষ রাজি ছিল। এ ব্যাপারে তিনি উভয় পক্ষের কাছ থেকে একটি লিখিত রেখেছেন এবং সেটি থানার নথিতে সংরক্ষিত রাখা হয়েছে।