কলেজছাত্রী ধর্ষণের ঘটনায় বান্ধবীসহ গ্রেপ্তার ৪

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মানিকগঞ্জের সিঙ্গাইর উপজেলার উচ্চমাধ্যমিক প্রথম বর্ষের এক ছাত্রী বান্ধবীর সঙ্গে ঢাকার সাভারে বেড়াতে এসে ধর্ষণের শিকার হয়েছেন। এ ছাড়া ধর্ষণের চিত্র ভিডিও ক্যামেরায় ধারণ করা হয়েছে। গত বৃহস্পতিবার রাতে ওই তরুণীর মা সাভার থানায় মামলা করেন। এরপর পুলিশ ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে ওই ছাত্রীর বান্ধবীসহ চারজনকে গ্রেপ্তার করেছে। ধর্ষণের ভিডিওচিত্র উদ্ধার করেছে পুলিশ।গ্রেপ্তারকৃতরা হলেন: শান্ত-মারিয়াম বিশ্ববিদ্যালয়ের স্নাতক (সম্মান) দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী রায়হান (২০), সাভার বিশ্ববিদ্যালয় কলেজের উচ্চমাধ্যমিক প্রথম বর্ষের শিক্ষার্থী মহিদুর রহমান (২১), সিঙ্গাইরের বাসিন্দা দানেশ (৩২) ও ধর্ষণের শিকার ছাত্রীর এক বান্ধবী (১৮)। তিনিও উচ্চমাধ্যমিক প্রথম বর্ষের ছাত্রী।বৃহস্পতিবার রাতে এই চারজনকে গ্রেপ্তারের পর গতকাল শুক্রবার ঢাকার মুখ্য বিচারিক হাকিমের আদালতে হাজির করা হয়। পুলিশ তাঁদের সাত দিনের রিমান্ডে নেওয়ার আবেদন জানায়। আদালত চার দিনের রিমান্ড মঞ্জুর করেন। পুলিশ ও ধর্ষণের শিকার ছাত্রীর পারিবারিক সূত্রের ভাষ্যমতে, বেড়ানোর কথা বলে গত ২৫ নভেম্বর ওই ছাত্রীকে তাঁর এক বান্ধবী সাভারে নিয়ে আসে। এরপর তাঁকে সাভার পৌরসভার ব্যাংক কলোনি এলাকার একটি ফ্ল্যাটে নেওয়া হয়। সেখানে আগে থেকেই কয়েকজন তরুণ অবস্থান করছিলেন। ওই তরুণেরা বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী। ফ্ল্যাটটি ভাড়া নিয়ে সেখানে থেকে তাঁরা লেখাপড়া করেন। সূত্রের ভাষ্যমতে, ওই ছাত্রীকে ফ্ল্যাটে রেখে তাঁর বান্ধবী চলে যায়। এ সময় শাহীন নামের এক তরুণ মুখ চেপে ধরে ওই ছাত্রীকে মারধর করেন। এরপর উচ্চ স্বরে গান বাজিয়ে জাহেদ নামের এক তরুণ তাঁকে ধর্ষণ করেন। এ ঘটনা অন্যরা ভিডিও ক্যামেরায় ধারণ করেন।ধর্ষণের শিকার ছাত্রী বলেন, ‘ধর্ষণের ভিডিওচিত্র ইন্টারনেটে প্রচারের হুমকি দিয়ে আমাকে বিষয়টি গোপন রাখতে বলা হয়। এ কারণে আমি বিষয়টি চেপে যাই।’ ওই ছাত্রীর মা বলেন, ‘ওই তরুণেরা ভিডিওচিত্র প্রচারের ভয় দেখিয়ে আমার মেয়েকে আবারও ধর্ষণের চেষ্টা করে। নিরুপায় হয়ে সে ঘটনাটি আমাকে খুলে বলে। এরপর ওই তরুণেরা আমার মেয়েকে হত্যার হুমকি দিতে থাকে। পরে আমি মামলা করি।’মামলায় জাহেদ ও গ্রেপ্তারকৃত চারজনসহ নয়জনের নাম উল্লেখ করে ১১ জনকে আসামি করা হয়েছে। সাভার থানার উপপরিদর্শক (এসআই) ও মামলার তদন্ত কর্মকর্তা মুহাম্মদ আশরাফুল আলম বলেন, ‘প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃতরা ধর্ষণে জড়িত থাকার কথা স্বীকার করেছেন।’