কলেজছাত্রী ধর্ষণের শিকার
চট্টগ্রামের রাউজান উপজেলার নওয়াজিশপুর এলাকায় এক কলেজছাত্রী ধর্ষণের শিকার হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। মেয়েটির মাদ্রাসাপড়ুয়া ছেলেবন্ধু ও কয়েকজন সহপাঠী মিলে গত শুক্রবার রাতে এই ঘটনা ঘটায়। এ সময় স্থানীয় লোকজন দুজনকে আটক করে পুলিশে সোপর্দ করে।
মেয়েটির বাড়ি মিরসরাই এলাকায়। সে নিজেকে মিরসরাইয়ের একটি কলেজের উচ্চমাধ্যমিকের ছাত্রী বলে জানায়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন মাদ্রাসাছাত্র মেজবাউল ইসলাম (২৭) ও সিএনজিচালিত অটোরিকশাচালক হুমায়ুন কবির (২৮)। মেজবাউল নওয়াজিশপুর এলাকার হাবিব উল্লাহর ছেলে। তিনি স্থানীয় একটি মাদ্রাসার ছাত্র বলে পুলিশ জানায়। হুমায়ুনের বাড়িও রাউজান এলাকায়। এই ঘটনায় জড়িত আরও চার-পাঁচজন পালিয়ে গেছে বলে পুলিশ সূত্রে জানা গেছে।
রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আব্বাস উদ্দিন বলেন, মেয়েটির সঙ্গে মুঠোফোনে মেজবাউলের পরিচয় এবং প্রেম হয়। শুক্রবার ছেলেটি তাকে শহরে আসতে বলেন। কথা অনুযায়ী সন্ধ্যায় মিরসরাই থেকে মেয়েটি ভাটিয়ারি পর্যন্ত এলে হুমায়ুনের অটোরিকশায় তুলে মেজবাউল রাউজানে রওনা দেন। রাতে চিকদাইর নওয়াজিশপুর এলাকায় মেজবাউল ও তাঁর আরও কয়েক বন্ধু মেয়েটিকে ধর্ষণ করেন বলে প্রাথমিকভাবে জানা গেছে।
পুলিশ সূত্রে জানা গেছে, চিকদাইয়ের একটি নির্জন সড়কে সিএনজি অটোরিকশার মধ্যে মেয়েটিকে নির্যাতন করা হয়। এ সময় মেজবাউলের বন্ধুরা তাঁর সঙ্গে যোগ দেয়। ধর্ষণের সময় মেয়েটির চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে বন্ধুরা পালিয়ে যায়। স্থানীয় লোকজন ও ইউপি চেয়ারম্যান দিদারুল ইসলাম ঘটনাস্থল থেকে মেজবাউল ও হুমায়ুনকে ধরে পুলিশে সোপর্দ করেছেন। মেয়েটিকেও উদ্ধার করে পুলিশ হেফাজতে দেওয়া হয়।
এই ঘটনায় ইউপি চেয়ারম্যান বাদী হয়ে গতকাল শনিবার থানায় একটি মামলা করেছেন। মামলায় এই দুজন ছাড়াও অজ্ঞাত পাঁচ-ছয়জনকে আসামি করা হয়। মেয়েটিকে স্বাস্থ্য পরীক্ষার জন্য আজ রোববার চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর কথা রয়েছে।