কলেজছাত্রী পারভীনা ধর্ষণ ও হত্যা মামলায় চারজনের মৃত্যুদণ্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লালমনিরহাটের কলেজছাত্রী পারভীনা বেগমকে গণধর্ষণ ও হত্যার অভিযোগে করা মামলার চার আসামিকে মৃত্যুদণ্ড ও প্রত্যেককে পাঁচ হাজার টাকা করে জরিমানা প্রদানের আদেশ দিয়েছেন আদালত। গতকাল মঙ্গলবার দুপুরে লালমনিরহাটের নারী ও শিশু নির্যাতন দমন বিশেষ ট্রাইব্যুনালের বিচারক ওসমান হায়দার এ রায় দেন। মৃত্যুদণ্ডাদেশ পাওয়া আসামিরা হলেন হালিম বাদশা ওরফে বাদশাহ হালিম (২৭), মাহবুবুর রহমান ওরফে মাহবুব (২৭), রশিদুল ইসলাম ওরফে রাশিদুল (২৫) ও আতাউর রহমান (২৫)। মামলার রায় প্রদানের সময় মৃত্যুদণ্ডপ্রাপ্ত চার আসামির সবাই জেলা ও দায়রা জজ আদালতে উপস্থিত ছিলেন। মামলার রায়ের বিরুদ্ধে আসামিপক্ষ আগামী ১৫ দিনের মধ্যে উচ্চ আদালতে আপিল করার সুযোগ পাবেন। আদালত সূত্রে জানা যায়, ২০০৮ সালের ১০ জানুয়ারি লালমনিরহাট সদর উপজেলার পঞ্চগ্রাম ইউনিয়নের সাকোরপাড় গ্রামের পল্লি চিকিৎসক মো. ছলিম উদ্দিনের মেয়ে পারভীনা বেগম নিখোঁজ হন। পারভীনা কুড়িগ্রামের রাজারহাটের আদর্শ ডিগ্রি কলেজের এইচএসসি পরীক্ষার্থী ছিলেন। ঘটনার দিন তিনি বাড়ি থেকে প্রাইভেট পড়ার জন্য কলেজ এলাকায় গিয়ে আর ফেরেননি। নিখোঁজের দুই দিন পর ১২ জানুয়ারি সকালে একই ইউনিয়নের রতিধর গ্রামের একটি পুকুর থেকে তাঁর লাশ উদ্ধার করে পুলিশ। ওই দিনই পারভীনার বড় ভাই কলেজশিক্ষক শফিকুল ইসলাম বাদী হয়ে লালমনিরহাট সদর থানায় হালিম বাদশা, মাহবুবুর রহমান, রাশেদুল ইসলামকে আসামি করে মামলা করেন। একই দিন পঞ্চগ্রাম ইউনিয়নের উত্তর মন্ডলপাড়া গ্রামের আবুল হোসেনের ছেলে ও মামলার প্রধান আসামি হালিম বাদশাকে গ্রেপ্তার করে পুলিশ। পরদিন ১৩ জানুয়ারি লালমনিরহাটের তৎকালীন অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সাইফুর রহমানের আদালতে হালিম বাদশা ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। তাঁর স্বীকারোক্তি অনুযায়ী ঘটনাস্থলের বাঁশঝাড় থেকে পারভীনার ব্যবহূত জিনিসপত্র ও বইখাতা উদ্ধার করে পুলিশ। ২০০৮ সালের ১২ মে লালমনিরহাট সদর থানার পুলিশ মামলার অভিযোগপত্র আদালতে দাখিল করে। এতে এজাহারভুক্ত তিন আসামির পাশাপাশি প্রধান আসামি হালিম বাদশার স্বীকারোক্তি অনুযায়ী ঘড়িয়ালডাঙ্গা ইউনিয়নের পশ্চিম দেবত্তর গ্রামের তহির উদ্দিনের ছেলে আতাউর রহমানের বিরুদ্ধেও অভিযোগপত্র দাখিল করে পুলিশ। ১৯ জুন মামলার বাদী ও বিবাদীপক্ষের যুক্তিতর্ক শেষ হলে ২৭ জুন রায় ঘোষণার প্রথম তারিখ ধার্য করা হয়। কিন্তু ওই দিন মামলার রায় প্রস্তুত না হওয়ায় আদালত পুনরায় রায় ঘোষণার দিন ৩ জুলাই ধার্য করেন। একই কারণে ওই দিন রায় ঘোষণা না করে আদালত দ্বিতীয়বারের মতো তারিখ পিছিয়ে ৯ জুলাই রায় ঘোষণার দিন ধার্য করেন। মামলাটি ২০০৯ সালে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের চাঞ্চল্যকর মামলার মনিটরিং সেলে ছিল। মামলাটি পরিচালনায় আইন ও সালিশ কেন্দ্র, ব্র্যাক এবং আরডিআরএস আইনজীবীর মাধ্যমে আইনি সহায়তা প্রদান করে। মামলার বাদী শফিকুল ইসলাম রায়ে সন্তোষ প্রকাশ করে বলেন, ‘আদালতে ন্যায়বিচার পেয়েছি। এখন আসামিদের ফাঁসির রায় দ্রুত কার্যকরের দাবি জানাচ্ছি।’ উল্লেখ্য, কলেজছাত্রী পারভীনা বেগম গণধর্ষণ ও হত্যাকাণ্ড নিয়ে ২০০৮ সালের ২৩ জানুয়ারি প্রথম আলোর নারীমঞ্চে ‘বখাটের অত্যাচারে আরও একটি মেয়ের জীবন গেল’ শিরোনামে প্রধান প্রতিবেদন প্রকাশিত হয়।