পুরান ঢাকার নিমতলীর ভয়াবহ অগ্নিকাণ্ডে দগ্ধ কলেজছাত্রী ববিতা বর্মণ (২৫) চিকিৎসাধীন অবস্থায় গতকাল বৃহস্পতিবার রাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে মারা গেছেন। গত ৩ জুন নিমতলীর অগ্নিকাণ্ডের ঘটনায় এ নিয়ে মৃতের সংখ্যা দাঁড়াল ১২৩ জন।বার্ন ইউনিটের প্রকল্প পরিচালক প্লাস্টিক সার্জন সামন্ত লাল সেন প্রথম আলোকে বলেন, বার্ন ইউনিটের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) থাকা ববিতা রাত সাড়ে নয়টার দিকে মারা যান। তাঁর শরীরের ৩৫ শতাংশ দগ্ধ হয়েছিল। মৃত ববিতার মামা চিকিৎসক বাদল বর্মণ, মামি চামেলি ও তাঁদের আড়াই বছরের মেয়ে সম্মিলিত সামরিক (সিএমএইচ) হাসপাতালে চিকিৎসাধীন। তবে চামেলি ছাড়া অন্য দুজনের অবস্থার উন্নতি হয়েছে।হাসপাতাল সূত্র জানায়, নিমতলীর অগ্নিকাণ্ডে দগ্ধ ১১ জন এখন হাসপাতালে চিকিৎসাধীন আছে। এদের মধ্যে সিএমএইচে সাতজন এবং ঢাকা মেডিকেলের বার্ন ইউনিটে চিকিৎসাধীন আছে চারজন। সিএমএইচে থাকা চামেলিসহ দুজনের অবস্থা সংকটাপন্ন। দুই হাসপাতালে চিকিৎসাধীন বাকি সবার অবস্থার উন্নতি হয়েছে বলে চিকিৎসকেরা জানিয়েছেন।