কলেজছাত্রী রক্ষা পেলেন যেভাবে...

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খুলনায় এক রিকশাচালকের বুদ্ধি ও সাহসের জোরে রক্ষা পেলেন একজন কলেজছাত্রী। একদল দুর্বৃত্ত অপহরণের জন্য তাঁকে একটি গাড়িতে তুলেছিল। কিন্তু রিকশাচালক কায়দা করে ওই গাড়ির সামনে রিকশা রাখায় মেয়েটিকে নিয়ে গাড়ি আর যেতে পারেনি।এরই মধ্যে লোকজন এসে এ ঘটনায় জড়িত দুই দুর্বৃত্তকে ধরে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করেছে। আটক হওয়া দুজন হলেন: খুলনা নগরের মোল্লাপাড়ার নুরুল ইসলাম (২৫) ও বগুড়ার সজিব ফকির (২১)। ঘটনাটি ঘটেছে গতকাল শুক্রবার নগরের সেন্ট যোসেফ স্কুলের সামনে। প্রত্যক্ষদর্শী ও সদর থানা সূত্রে জানা গেছে, সকাল ১০টার দিকে সেন্ট যোসেফ স্কুলের সামনে একটি প্রাইভেট কার (ঢাকা মেট্রো গ-১১-৮১৫৪) রেখে তিন তরুণ দাঁড়িয়ে ছিলেন। এ সময় আজম খান কমার্স কলেজের দিক থেকে স্নাতক (সম্মান) শ্রেণীর এক ছাত্রী আসছিলেন। কাছে আসা মাত্রই ওই তরুণেরা তাঁকে ধরে টেনেহিঁচড়ে গাড়িতে তোলেন। ওই ছাত্রী চিৎকার দিলে প্রথমে এক রিকশাচালক দ্রুত তাঁর রিকশাটি নিয়ে গাড়ির সামনে রাখেন। এ কারণে গাড়ি নিয়ে সামনে যেতে পারেননি তাঁরা।পরে এলাকাবাসী এসে গাড়ি থেকে বের করে দুই তরুণকে গণপিটুনি দেয় এবং ওই ছাত্রীকে উদ্ধার করে। এ সময় গাড়িচালক ও অপর তরুণ পালিয়ে যান। শেষে সদর থানার পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে আসে এবং দুই অপহরণকারীকে আটক করে নিয়ে যায়। ওই ছাত্রী বলেন, ‘আমাকে ওরা জোর করে গাড়িতে তোলার সময় চিৎকার দিলে এলাকার লোকজন ও রিকশাচালক এগিয়ে এসে আমাকে বাঁচিয়েছেন।’নুরুল ইসলাম ও সজিব দাবি করেন, রূপসা উপজেলার শিয়ালী গ্রামের মেহেদী হাসান ছাত্রীকে অপহরণ করার প্রধান পরিকল্পনাকারী। তাঁরা মেহেদীর বন্ধু। ওই ছাত্রী মেহেদীর আত্মীয়। এ বিষয়ে মেহেদী হাসানের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও কথা বলা সম্ভব হয়নি।এ ঘটনা তদন্তের দায়িত্ব পাওয়া খুলনা সদর থানার উপপরিদর্শক (এসআই) আমিরুল ইসলাম জানান, রিকশাচালক ডুমুরিয়া উপজেলার কুলবাড়িয়া গ্রামের বিল্লাল হোসেনের বুদ্ধি ও সাহসের কারণে মেয়েটি রক্ষা পেয়েছে। এ ঘটনায় মেয়েটির মা বাদী হয়ে মামলা করার প্রস্তুতি নিচ্ছেন।