কলেজছাত্রী লাঞ্ছিত, প্রতিবাদে গোপালগঞ্জে সড়ক অবরোধ
গোপালগঞ্জ সরকারি বঙ্গবন্ধু কলেজের এক ছাত্রীকে লাঞ্ছিত করার অভিযোগ তুলে এবং ঘটনার প্রতিবাদে ওই কলেজের শিক্ষার্থীরা গতকাল মঙ্গলবার গাড়ি ভাঙচুর, সড়ক অবরোধ ও বিক্ষোভ করেছেন।কলেজ সূত্রে জানা গেছে, গতকাল বেলা পৌনে ১১টার দিকে শহরের কুয়াডাঙ্গা বাসস্ট্যান্ডে এক ছাত্রী বাসশ্রমিকের হাতে লাঞ্ছিত হন। এ খবর কলেজে ছড়িয়ে পড়লে শিক্ষার্থীরা বেলা ১১টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত কলেজের সামনে বঙ্গবন্ধু সড়কে টায়ারে আগুন ধরিয়ে দিয়ে সড়কে অবরোধ সৃষ্টি করেন। এ সময় তাঁরা একটি বাস ও দুটি ইজিবাইক ভাঙচুর করে। এতে গোপালগঞ্জ-টুঙ্গিপাড়া সড়কে যান-চলাচল বন্ধ হয়ে যায়।খবর পেয়ে সহকারী পুলিশ সুপার (সার্কেল) মো. মনিরুল ইসলাম ঘটনাস্থলে গিয়ে বাসশ্রমিককে বিচারের আশ্বাস দিলে শিক্ষার্থীরা অবরোধ তুলে নেন। ওই ছাত্রী জানান, তিনি পাটকেলবাড়ী বাসস্ট্যান্ড থেকে কলেজে আসার জন্য সকাল ১০টার দিকে ভাস্কর পরিবহন নামের একটি লোকাল বাসে ওঠেন। কিছুক্ষণ পর বাসচালকের সহকারী ভাড়া চাইলে তিনি হাফ ভাড়া দেন। তখন ওই সহকারী তাঁর কাছে পুরো ভাড়া ২৪ টাকা দাবি করেন। তিনি বাকি টাকা দিতে না চাইলে সহকারী তাঁকে বাসের ভেতর অকথ্য ভাষায় গালাগাল করেন। কলেজে এসে তিনি বিষয়টি সহপাঠীদের জানান। সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) মতিয়ার রহমান বলেন, এখন পর্যন্ত এ বিষয়ে কেউ অভিযোগ করেনি। তিনি আরও বলেন, ইতিমধ্যে বিষয়টি নিয়ে মালিক সমিতির সঙ্গে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা বৈঠক করেছেন। সন্ধ্যায় অভিযুক্ত বাসের মালিক ও শিক্ষার্থীদের সঙ্গে বৈঠক হবে।