কলেজছাত্রী হত্যার বিচারের দাবিতে মানববন্ধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাতক্ষীরায় সাংবাদিক অজয় কুমার মৃধার মেয়ে কলেজছাত্রী সুমিত্রা মৃধার (২০) হত্যার বিচারের দাবিতে গতকাল শুক্রবার নড়াইলে মানববন্ধন হয়েছে। রুরাল জার্নালিস্ট ফাউন্ডেশনের সহযোগিতায় হিউম্যান রাইটস ডিফেন্ডার ফোরাম নড়াইল জেলা শাখা এ কর্মসূচির আয়োজন করে।
সাতক্ষীরার শ্যামনগর উপজেলার বাগুরহাটা গ্রামের নিজ বাড়িতে গত মঙ্গলবার একা পেয়ে দুর্বৃত্তরা সুমিত্রা মৃধাকে ধর্ষণের পর হত্যা করে। সুমিত্রা স্থানীয় মহসিন ডিগ্রি কলেজের প্রথম বর্ষের ছাত্রী ছিলেন।
কয়েকজন প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, গতকাল সকাল সাড়ে ১০টার দিকে নড়াইল জেলা পরিষদ ভবনের সামনে ওই মানববন্ধন হয়। এতে নানা শ্রেণি-পেশার শতাধিক লোক অংশ নেন। এ সময় বক্তব্য দেন মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কমান্ডার এস এ মতিন, নড়াইল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মির্জা নজরুল ইসলাম, নড়াইল কণ্ঠ-এর সম্পাদক কাজী হাফিজুর রহমান প্রমুখ।