কলেজছাত্রীকে অপহরণ উদ্ধারে গেলে হামলা পুলিশসহ আহত ৩
গাজীপুরের কালীগঞ্জ উপজেলার ডেমরা এলাকা থেকে অপহরণ করা এক কলেজছাত্রীকে গতকাল মঙ্গলবার সন্ধ্যায় কাপাসিয়া উপজেলার বড়ছিট এলাকা থেকে উদ্ধার করা হয়েছে। এ সময় অপহরণকারীদের হামলায় ওসিসহ তিনজন আহত হয়েছেন। পুলিশ পাঁচটি গুলি ছুড়ে তিনজনকে গ্রেপ্তার ও একটি মাইক্রোবাস জব্দ করেছে। গ্রেপ্তার ব্যক্তিতা হলেন: আজিজুল হক মোড়ল (৩২), আমিনুল শেখ (২৫) ও মাইনুদ্দিন (৩০)। পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, গাজীপুরের কাপাসিয়া উপজেলার পাবুর গ্রামের আবদুল লতিফের ছেলে আজিজুল ও বড়ছিট গ্রামের মোজামেঞ্চলের নেতৃত্বে ১৪-১৫ জনের একটি সন্ত্রাসী দল গতকাল দুইটার দিকে কালীগঞ্জ উপজেলার ওই বাড়িতে হামলা করে। তারা একটি ঘরের দরজা ভেঙে ওই ছাত্রীর চোখ ও হাত-পা বেঁধে মাইক্রোবাসে তুলে নিয়ে যায়। ওই সময় বাধা দিলে মা ও বড় বোনকে মারধর এবং মেয়ের চাচাতো ভাইকে কুপিয়ে গুরুতর জখম করে। অপহরণকারীদের এক সহযোগী মাইনুদ্দিন মাইক্রোবাসে উঠতে না পারলে এলাকাবাসী তাঁকে ধরে গণপিটুনি দিয়ে কালীগঞ্জ থানা-পুলিশে দেয়। গতকাল সন্ধ্যা ছয়টার দিকে কাপাসিয়া থানা-পুলিশ উপজেলার বড়ছিট এলাকার মোজামেঞ্চলের বাড়ি থেকে ছাত্রীকে উদ্ধার করতে যায়। এ সময় অপহরণকারীরা পুলিশের ওপর হামলা চালায়। পুলিশ পাঁচটি গুলি করলে মূল অপহরণকারী আজিজুল গুলিবিদ্ধ হন। পরে পুলিশ আজিজুল ও তাঁর সহযোগী আমিনুলকে গ্রেপ্তার করে। অন্যরা পালিয়ে যায়। কাপাসিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেলোয়ার হোসেন ও উপপরিদর্শক (এসআই) মনির হোসেন ধারালো অস্ত্রের আঘাতে আহত হন।দেলোয়ার হোসেন জানান, এ ঘটনায় কাপাসিয়া থানায় পুলিশ বাদী হয়ে একটি ও কালীগঞ্জ থানায় ছাত্রীর বাবা বাদী হয়ে একটি মামলা করেন।