মুন্সিগঞ্জের শান্তা আফরোজ নামের এক কলেজছাত্রীকে অপহরণের তিন দিন পর শ্বাসরোধে সাভারে হত্যা করা হয়েছে বলে অভিযোগ উঠেছে৷ গত সোমবার সন্ধ্যায় মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালের কাছে শান্তার লাশবাহী মাইক্রোবাস জব্দ করে পুলিশ৷ এ সময় মাইক্রোবাসটির চালক ও আলী আহমেদ নামের একজন আরোহীকে আটক করা হয়৷
এদিকে সোমবার রাতে রাঙামাটিতে এক গ্রামপ্রধানসহ দুজনকে তাঁদের নিজ বাড়ি থেকে অপহরণ করা হয়েছে বলে অভিযোগ উঠেছে৷
কলেজছাত্রী শান্তাকে অপহরণ ও হত্যার ঘটনায় গতকাল মঙ্গলবার মুন্সিগঞ্জ থানায় মামলা করা হয়েছে৷ এতে মুন্সিগঞ্জের শিক্ষানিবশ আইনজীবী নাজমুল হাসান, তাঁর বাবা অতিরিক্ত জেলা জজ আদালতের পেশকার মো. সাত্তার ও খালু আলী আহমেদকে আসামি করা হয়েছে৷
এজাহারে বলা হয়েছে, শান্তা সরকারি হরগঙ্গা কলেজের হিসাববিজ্ঞানের স্নাতক (সম্মান) তৃতীয় বর্ষের ছাত্রী ছিলেন৷ তাঁর বাড়ি মুন্সিগঞ্জ সদর উপজেলার পৌরসভার রন্ছ এলাকায়৷ তাঁর সঙ্গে একই উপজেলা শহরের মাঠপাড়া এলাকার নাজমুলের প্রেমের সম্পর্ক গড়ে ওঠে৷ বিষয়টি শান্তার পরিবার মেনে নেয়নি৷ তাই পারিবারিকভাবে আগামী ২০ জুন অন্যত্র শান্তার বিয়ের দিন ঠিক করা হয়৷ কিন্তু গত শনিবার দুপুরে শান্তা শহরের খালইস্ট এলাকায় একটি কোচিং সেন্টারে পড়তে যান৷ দুপুর ১২টার দিকে নাজমুল মুঠোফোনে তাঁকে কোচিং সেন্টার থেকে ডেকে নিয়ে জোর করে একটি মাইক্রোবাসে তুলে অপহরণ করেন৷
আলী আহমেদের বরাত দিয়ে মুন্সিগঞ্জ সদর থানার পরিদর্শক (তদন্ত) ইয়ারদৌস হাসান প্রথম আলোকে জানান, শান্তাকে সাভারে এক বন্ধুর বাসায় নিয়ে যান নাজমুল৷ সোমবার দুপুরে অচেতন অবস্থায় তাঁকে সাভারের এনাম মেডিকেল হাসপাতালে নিয়ে যান তিনি৷ সেখানে কর্তব্যরত চিকিৎসক শান্তাকে মৃত ঘোষণা করেন৷ পরে তাঁর লাশ মাইক্রোবাসে করে মুন্সিগঞ্জে পাঠানো হয়৷ পথে মাইক্রোবাসের চালক এবং নাজমুলের খালু আলী আহমেদকে আটক করে পুলিশ৷ প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে চালককে ছেড়ে দেওয়া হয়৷ আলী আহমেদকে গ্রেপ্তার দেখানো হয়৷ তিনি আরও বলেন, শান্তাকে শ্বাসরোধে হত্যার প্রাথমিক আলামত পাওয়া গেছে৷ মামলার অপর দুই আসামিকে গ্রেপ্তারের চেষ্টা চলছে৷
রাঙামাটি: সোমবার রাতে বাঘাইছড়ি থেকে অপহৃত দুই ব্যক্তি হলেন নলবনিয়া গ্রামের প্রধান রমণী মোহন কার্বারি (৪৮) ও বড় দূরছড়ি গ্রামের অরুণ বিকাশ চাকমা (৬০)৷
পারিবারিক সূত্রে জানা গেছে, সোমবার রাত ১১টার দিকে একদল সশস্ত্র দুর্বৃত্ত নলবনিয়া গ্রামে গিয়ে গ্রামপ্রধান রমণী মোহনের বাড়ি ঘিরে ফেলে৷ পরে অস্ত্রের ভয় দেখিয়ে তাঁকে অপহরণ করে৷ প্রায় একই সময়ে একই কায়দায় অরুণ বিকাশকে অপহরণ করা হয়৷ সন্তু লারমার নেতৃত্বাধীন জনসংহতি সমিতি অপহৃত দুজনকে তাঁদের সমর্থক বলে দাবি করেছে৷
খেদারমারা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অমলেন্দু বিকাশ চাকমা বলেন, তাঁদের উদ্ধারে চেষ্টা চলছে৷
বাঘাইছড়ি থানার ওসি মো. আজিজুল হক গতকাল বলেন, এ ঘটনায় কেউ কোনো অভিযোগ বা মামলা করেননি৷
[প্রতিবেদন তৈরিতে সহায়তা করেছেন নিজস্ব প্রতিবেদক, রাঙামাটি এবং মুন্সিগঞ্জ ও বাঘাইছড়ি প্রতিনিধি]