কলেজছাত্রীকে অপহরণের চেষ্টা, হামলায় আহত ৬

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুমিল্লায় কলেজছাত্রীকে অপহরণে ব্যর্থ হয়ে হামলা ও ভাঙচুর চালিয়েছেন এক যুবক ও তাঁর লোকজন। এলাকাবাসী প্রতিরোধ করলে ওই বখাটে ও তাঁর সহযোগীরা ককটেল বিস্ফোরণ ঘটিয়ে এবং গুলিবর্ষণ করে পালিয়ে যান। তাঁদের হামলায় কমপক্ষে ছয়জন আহত হয়েছেন। গতকাল শনিবার দুপুরে কুমিল্লা নগরের নুরপুর এলাকায় ওই ঘটনা ঘটে।প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্র জানায়, কুমিল্লা সিটি করপোরেশনের ১৪ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সেলিম খানের ছোট ভাই জসিম খান দীর্ঘদিন থেকে এক কলেজছাত্রীকে উত্ত্যক্ত করছেন। গতকাল বেলা দেড়টার দিকে জসিম দলবল নিয়ে ১৫টি মোটরসাইকেলযোগে ওই ছাত্রীকে তার বাসা থেকে অপহরণ করতে যান। এলাকাবাসী প্রতিরোধ করতে গেলে জসিম ও তাঁর সহযোগীরা চারটি দোকান ভাঙচুর করেন। এ সময় তাঁদের লাঠি ও ধারালো অস্ত্রের আঘাতে এলাকাবাসী ছয়জন আহত হন। আহত ব্যক্তিদের কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। ওই সময় অপহরণকারীরা কমপক্ষে ২৫টি ককটেল বিস্ফোরণ ঘটান ও আটটি গুলিবর্ষণ করেন। পরে এলাকাবাসী লাঠিসোঁটা নিয়ে ধাওয়া করলে অপহরণকারীরা পালিয়ে যান। খবর পেয়ে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। মেয়েটির বাবা বলেন, ‘মেয়েকে উত্ত্যক্ত করার ঘটনা এলাকার সবাই জানেন। এ ব্যাপারে বিভিন্ন জনের কাছে প্রতিকার চেয়েও পাইনি। শনিবার ওই বখাটে আমার মেয়েকে অপহরণ করতে এসেছিল। এলাকাবাসীর সহযোগিতায় এ যাত্রায় রক্ষা পেয়েছি।’এ ব্যাপারে জসিমের মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করেও তাঁর বক্তব্য নেওয়া সম্ভব হয়নি। কোতোয়ালি মডেল থানার পরিদর্শক (তদন্ত) মো. আইয়ুব হোসেন বলেন, ‘এ ঘটনায় এখনো মামলা হয়নি। তবে পুলিশের পক্ষ থেকে একটি সাধারণ ডায়েরি করা হয়েছে।’