কলেজছাত্রীকে আটকে মুক্তিপণ আদায়ের চেষ্টা রাঙামাটিতে গ্রেপ্তার ৩
রাঙামাটিতে কলেজছাত্রীকে আটকে ছয় লাখ টাকা মুক্তিপণ আদায়ের চেষ্টার অভিযোগে তিন যুবককে গ্রেপ্তার করেছে চট্টগ্রামের কোতোয়ালি থানার পুলিশ। রাঙামাটির বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে পুলিশ তাঁদের গ্রেপ্তার ও ওই ছাত্রীকে উদ্ধার করে।পুলিশ জানায়, গ্রেপ্তারকৃতরা হচ্ছেন চট্টগ্রাম নগরের হাজী মুহাম্মদ মহসিন কলেজের তৃতীয় বর্ষের ছাত্র জনি বড়ুয়া ওরফে হাসমী (২৪), অলক দাশ ওরফে লেনিন (২৫) ও বিশ্ব কুমার বৈষ্ণব ওরফে বাপ্পী (২৭)। গ্রেপ্তার হওয়া যুবকেরা মুক্তিপণ আদায়ের চেষ্টার অভিযোগ স্বীকার করেন। তবে জনি দাবি করেন, ওই ছাত্রীর সঙ্গে তাঁর প্রেমের সম্পর্ক রয়েছে। তাঁদের এই অপহরণ প্রক্রিয়ার সঙ্গে তিনিও জড়িত।পুলিশ সূত্র জানায়, ওই ছাত্রীর বাবা কোতোয়ালি থানায় একটি অপহরণ মামলা করেছেন। এতে অভিযোগ করা হয়, ২২ জানুয়ারি বিকেলে নগরের এম এ আজিজ স্টেডিয়ামের পাশ থেকে চট্টগ্রাম কলেজের ওই ছাত্রীকে অপহরণ করা হয়। কোতোয়ালি থানার উপপরিদর্শক (এসআই) সদীপ কুমার দাশ বলেন, ‘ছাত্রীটি জনির পরিচিত। ওই পরিচয়ের সূত্র ধরেই মেয়েটিকে রাঙামাটি নিয়ে আটকে রাখেন জনি। পরে ছয় লাখ টাকা মুক্তিপণ দাবি করা হয়। মুক্তিপণ নিয়ে মোবাইল ফোনে দুই পক্ষের মধ্যে যেসব কথাবার্তা হয় তার রেকর্ড আমাদের কাছে রয়েছে। ছাত্রীর বাবাসহ টাকা দেওয়ার ফাঁদ পেতে আমরা কৌশলে তাঁদের গ্রেপ্তার করি।’পুলিশ জানায়, রাঙামাটির বনরূপা এলাকায় অভিযান চালিয়ে প্রথমে অলক দাশ ও বিশ্ব কুমারকে গ্রেপ্তার করা হয়। পরে অলক দাশের বোনের বাসা থেকে উদ্ধার করা হয় অপহূত কলেজছাত্রীকে। এরপর রাঙামাটির একটি হোটেল থেকে জনি বড়ুয়াকে গ্রেপ্তার করা হয়।