কলেজছাত্রীকে উত্ত্যক্ত করার অভিযোগে বিদ্যালয়ের শিক্ষককে শোকজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এক কলেজছাত্রীকে উত্ত্যক্ত করার অভিযোগে নারায়ণগঞ্জের রূপগঞ্জের মুড়াপাড়া পাইলট উচ্চবিদ্যালয়ের সহকারী শিক্ষক ফরহাদ আল মাহামুদকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দেওয়া হয়েছে। গতকাল শনিবার ওই ছাত্রীর লিখিত অভিযোগের পরিপ্রেক্ষিতে বিদ্যালয় কর্তৃপক্ষ শিক্ষককে ওই নোটিশ দেয়। উত্ত্যক্ত হওয়ার শিকার কলেজছাত্রীর মা অভিযোগ করেন, দীর্ঘদিন ধরে তাঁর মেয়েকে শিক্ষক ফরহাদ উত্ত্যক্ত করে আসছেন। গত শুক্রবার বিকেলে তিনি ও তাঁর মেয়ে মুড়াপাড়া বাজার থেকে বাড়ি ফিরছিলেন। এ সময় তাঁদের গতি রোধ করে ফরহাদ তাঁর মেয়েকে কুপ্রস্তাব দেন। একপর্যায়ে ফরহাদ ও তাঁর চার-পাঁচজন সহযোগী মেয়েটিকে টানাহেঁচড়া করে মাইক্রোবাসে তুলে নেওয়ার চেষ্টা করেন। এ সময় তাঁদের চিৎকারে আশপাশের লোকজন ছুটে আসেন। মাইক্রোবাস ফেলে ফরহাদ ও তাঁর সহযোগীরা পালিয়ে যান। ঘটনাটি গতকাল মুড়াপাড়া পাইলট উচ্চবিদ্যালয় কর্তৃপক্ষকে জানানো হয়। শিক্ষক ফরহাদের বিরুদ্ধে কলেজছাত্রীর লিখিত অভিযোগ পাওয়ার সত্যতা নিশ্চিত করে ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. শাহ আলম মিয়া বলেন, বিষয়টি নিয়ে গতকাল বিদ্যালয় পরিচালনা কমিটির সভা হয়। প্রাথমিক তদন্তে শিক্ষক ফরহাদের বিরুদ্ধে আনা অভিযোগ প্রমাণিত হয়েছে। তাই সভায় শিক্ষক ফরহাদ আল মাহামুদকে কারণ দর্শানোর নোটিশ দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। অভিযোগ অস্বীকার করে শিক্ষক ফরহাদ আল মাহামুদ বলেন, ‘পূর্বশত্রুতার জের ধরে ষড়যন্ত্রমূলকভাবে আমাকে ফাঁসানোর চেষ্টা করা হচ্ছে।’