কলেজছাত্রীকে উত্ত্যক্ত করার দায়ে কারাদণ্ড
লক্ষ্মীপুরের কমলনগরে একাদশ শ্রেণির এক ছাত্রীকে উত্ত্যক্ত করার দায়ে গতকাল বুধবার এক তরুণকে তিন মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। কমলনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ মাসুদুর রহমান মোল্লা এ কারাদণ্ড দেন।
কারাদণ্ডপ্রাপ্ত শামছুর রহমানের (২০) বাড়ি উপজেলার চরমার্টিন ইউনিয়নের মুন্সিরহাট এলাকায়।
স্থানীয় সূত্র জানায়, একাদশ শ্রেণির ওই ছাত্রীকে শামছুর রহমান দীর্ঘদিন ধরে উত্ত্যক্ত করে আসছিলেন। গত মঙ্গলবার সকালে কলেজে যাওয়ার পথে তিনি ওই ছাত্রীকে আবারও উত্ত্যক্ত করেন। এ ব্যাপারে থানায় লিখিত অভিযোগ দেওয়া হলে পুলিশ শামছুর রহমানকে আটক করে। পরে বুধবার দুপুরে তাঁকে ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হয়। অপরাধ স্বীকার করায় ভ্রাম্যমাণ আদালত তাঁকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দেন।
কমলনগর থানার ওসি কবির আহাম্মদ জানান, শামছুর রহমানকে কারাগারে পাঠানো হয়েছে।