কলেজছাত্রীকে উত্ত্যক্ত করার দায়ে ছাত্রদলের নেতার কারাদণ্ড
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঢাকার ধামরাইয়ে গতকাল মঙ্গলবার সৌরভ আল অভি (২২) নামের এক কলেজছাত্রকে তিন মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। সৌরভ ধামরাই সরকারি কলেজ শাখা ছাত্রদলের সভাপতি। ওই কলেজেরই এক ছাত্রীকে চড় মারার পাশাপাশি উত্ত্যক্ত করার অপরাধে তাঁকে এই সাজা দেওয়া হয়।মারধরের শিকার কলেজছাত্রী বলেন, সৌরভ প্রায়ই তাঁকে উত্ত্যক্ত করতেন। গত সোমবারও কলেজে যাওয়ার পথে কুমরাইল এলাকায় তিনি তাঁর পথ রোধ করেন। ছাত্রীটি প্রতিবাদ করায় তাঁকে সৌরভ চড় মারেন।ধামরাই থানার পুলিশ জানায়, মেয়েটিকে উত্ত্যক্ত করা ও চড় মারার অভিযোগে সোমবার বিকেলেই পুলিশ সৌরভকে গ্রেপ্তার করে। পরে গতকাল মেয়েটির অভিভাবকদের অভিযোগের পরিপ্রেক্ষিতে ভ্রাম্যমাণ আদালতের বিচারক ধামরাইয়ের সহকারী কমিশনার (ভূমি) মো. সহিদুজ্জামান বিকেলে তাঁকে তিন মাসের কারাদণ্ড দেন। সৌরভ ধামরাই পৌর এলাকার কুমরাইলের বাদল হোসেনের ছেলে।