কলেজছাত্রীকে উত্ত্যক্ত করায় টাঙ্গাইলে দুই যুবকের কারাদণ্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সামাজিক যোগাযোগের মাধ্যম ফেসবুকে এক কলেজছাত্রীকে উত্ত্যক্ত করার দায়ে টাঙ্গাইলে দুই যুবককে ছয় মাস করে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। টাঙ্গাইল সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মল্লিকা খাতুন গতকাল রোববার দুপুরে এ আদালত পরিচালনা করেন। টাঙ্গাইল সদর থানার ওসি নজরুল ইসলাম জানান, দণ্ডপ্রাপ্ত ব্যক্তিরা হলো টাঙ্গাইল শহরের শিবনাথপাড়ার জাহিদুর রশীদ ও করটিয়া কলেজপাড়া এলাকার আশিকুর রহমান। উত্ত্যক্তের শিকার মেয়েটি টাঙ্গাইল শহরের বাসিন্দা। ওই মেয়ে একসময় জাহিদুর ও আশিকুরের সহপাঠী ছিল। থানায় মেয়েটির বাবার দেওয়া অভিযোগে উল্লেখ করা হয়, সম্প্রতি জাহিদুর ও আশিকুর মেয়েটির ছবি সংগ্রহ করে তার নামে ফেসবুকে ভুয়া আইডি খুলে। এরপর তারা সেখানে অশ্লীল ছবি ও আপত্তিকর মন্তব্য পোস্ট করতে থাকে। পরে বিষয়টি মুঠোফোনে খুদে বার্তার মাধ্যমে ছেলে দুটি ওই ছাত্রীকে জানায়। গতকাল সকালে পুলিশ আশিকুর ও জাহিদুরকে তাদের বাসা থেকে গ্রেপ্তার করে।