কলেজছাত্রীকে উত্ত্যক্ত করায় যুবকের চার মাসের জেল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ছাত্রী উত্ত্যক্তের ঘটনায় গাজীপুরের শ্রীপুর উপজেলার বরমী এলাকার এক যুবককে চার মাসের দণ্ডাদেশ দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল শনিবার বেলা ১১টায় উপজেলা পরিষদ চত্বরে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও শ্রীপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাজমুল হাসান ভূঁইয়ার সমন্বয়ে গঠিত ভ্রাম্যমাণ আদালত এ আদেশ দেন।শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমির হোসেন জানান, ঘটনার দিন সকালে বরমী বাসস্ট্যান্ড থেকে বাসে করে শ্রীপুরের একটি কলেজে যাওয়ার পথে মো. ইমরান মৃধা (২৫) নামের ওই যুবক বাসেই ছাত্রীটিকে উত্ত্যক্ত করেন। বাসটি গন্তব্যে পৌঁছার পর ছাত্রীর অভিযোগের ভিত্তিতে বাসযাত্রীরা ইমরানকে আটক করে পুলিশে খবর দেন। পুলিশ এসে তাঁকে গ্রেপ্তার করে। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে চার মাসের সাজা দিয়ে তাঁকে জেলহাজতে পাঠানো হয়। ইমরান মৃধা বরমী মৃধাপাড়া গ্রামের মো. রফিজ উদ্দিন মৃধার ছেলে।