কলেজছাত্রীকে উত্ত্যক্তের অভিযোগে গ্রেপ্তার ১

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফরিদপুরে কলেজছাত্রীকে উত্ত্যক্ত ও প্রকাশ্যে লাঞ্ছিত করার অভিযোগে সরকারি রাজেন্দ্র কলেজের এক ছাত্রকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার সকালে নিজ বাড়ি থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
ওই ছাত্রের নাম সোহেল রানা। তিনি কলেজের সমাজকল্যাণ বিভাগের স্নাতক (সম্মান) দ্বিতীয় বর্ষের ছাত্র। তাঁর বাড়ি জেলা শহরের কমলাপুর মহল্লার চাঁনমারী এলাকায়।
ওই ছাত্রী বলেন, দীর্ঘদিন ধরে সোহেল রানা কলেজ ক্যাম্পাসসহ রাস্তায় তাঁকে প্রকাশ্যে উত্ত্যক্ত করে আসছেন। বিভিন্ন সময়ে এর প্রতিবাদ করলে হুমকি দেওয়া হয়। ১৯ অক্টোবর বাসায় ফেরার সময় কলেজের সামনের রাস্তায় তাঁকে শারীরিকভাবে লাঞ্ছিত করা হয়। আশপাশের লোকজন এগিয়ে এলে সোহেল পালিয়ে যান। এরপর তাঁকে মুঠোফোনে গালাগাল ও নানা হুমকি দেওয়া হয়।
থানার পুলিশ সূত্র জানায়, ঘটনার পর ওই ছাত্রী ফরিদপুর কোতোয়ালি থানায় গিয়ে ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজিম উদ্দীন আহমেদের কাছে একটি লিখিত অভিযোগ দেন। এর ভিত্তিতে গতকাল সকালে সোহেলকে গ্রেপ্তার করে পুলিশ।
কোতোয়ালি থানার উপপরিদর্শক (এসআই) বিপুল কুমার দে বলেন, এ ঘটনায় ওই ছাত্রী থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেছেন। এতে সোহেলকে গ্রেপ্তার দেখিয়ে জেলার মুখ্য বিচারিক হাকিমের আদালতের মাধ্যমে গতকাল বিকেলে জেলহাজতে পাঠানো হয়েছে।