কলেজছাত্রীকে উদ্ধারের দাবিতে মানববন্ধন
নোয়াখালীর সুবর্ণচর উপজেলা থেকে অপহৃত কলেজছাত্রীকে উদ্ধার ও অপহরণকারীদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন করেছে নারীমুক্তি কেন্দ্র। গতকাল শুক্রবার দুপুর ১২টায় জেলা শহরের টাউন হল মোড়ে এ কর্মসূচি পালন করা হয়।
মানববন্ধনে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট, ক্ষেতমজুর ও কৃষক ফ্রন্ট এবং নোয়াখালী সরকারি কলেজের শিক্ষার্থীরা একাত্মতা প্রকাশ করেন। পরে ওই ছাত্রীর মা-বাবা পুলিশ সুপার মো. ইলিয়াছ শরীফের সঙ্গে দেখা করেন।
গত বছরের ১৯ ডিসেম্বর ওই ছাত্রী এক আত্মীয়র বাড়ি যাওয়ার পথে চার-পাঁচজন যুবক তাঁকে তুলে নিয়ে যায়। এ ঘটনায় ১ জানুয়ারি স্থানীয় যুবক মো. সোহাগসহ আরও কয়েকজনের বিরুদ্ধে মামলা করে ছাত্রীর পরিবার।
কর্মসূচিতে বক্তব্য দেন ক্ষেতমজুর ও কৃষক ফ্রন্টের জেলা সভাপতি তারকেশ্বর দেবনাথ, নারীমুক্তি কেন্দ্র জেলা শাখার সংগঠক স্বর্ণালী আচার্য্য, ছাত্র ফ্রন্ট জেলা শাখার ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোবারক করিম, কাজী জহির উদ্দিন, অপহৃত ছাত্রীর বাবা ও ভাই।
মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, মামলা করার পর থেকে ছাত্রীর বাবা-মাকে নানাভাবে হুমকি দেওয়া হচ্ছে। পরিবারটি নিরাপত্তাহীনতায় ভুগছে। অবিলম্বে অপহৃত ছাত্রীকে উদ্ধার ও পরিবারের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানান তাঁরা।
জানতে চাইলে সুবর্ণচরের চরজব্বর থানার ওসি মো. নিজাম উদ্দিন বলেন, অপহৃত কলেজছাত্রীকে উদ্ধারের বিষয়ে জোর চেষ্টা চলছে।