কলেজছাত্রীকে কুপিয়ে হত্যা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
যশোরের মনিরামপুর উপজেলার পাঁচাকড়ি গ্রামে ববিতা বিশ্বাস নামের এক কলেজছাত্রী খুন হয়েছেন। জমি নিয়ে বিরোধের জেরে গতকাল বৃহস্পতিবার পাশের বাড়ির এক গৃহবধূ দা দিয়ে কুপিয়ে ববিতাকে হত্যা করেন। ওই গৃহবধূর নাম অনিতা বিশ্বাস। পুলিশ তাঁকে গ্রেপ্তার করেছে। পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, ববিতা (১৯) গতকাল বেলা সাড়ে ১১টার দিকে বাড়ির পাশের মুক্তেশ্বরী নদীতে থালাবাসন মাজছিলেন। এ সময় প্রতিবেশী কার্তিক বিশ্বাসের স্ত্রী অনিতা (৪০) পেছন থেকে ববিতাকে ধারালো দা দিয়ে কুপিয়ে জখম করেন। চিৎকার শুনে পরিবারের লোকজন ও গ্রামবাসী তাঁকে উদ্ধার করেন। গুরুতর অবস্থায় ববিতাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে তিনি মারা যান।