কলেজছাত্রীকে ছুরিকাঘাতের ঘটনায় যুবলীগ নেতার ছেলে গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়ায় কলেজছাত্রীকে ছুরিকাঘাত করার অভিযোগে ছেলেকে পুলিশের হাতে তুলে দিলেন মা। গতকাল রোববার রাতে বগুড়া সদর থানায় গিয়ে ওই মা ছেলেকে পুলিশের হাতে তুলে দেন।

বগুড়ার অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) সনাতন চক্রবর্তী এ তথ্যের সত্যতা নিশ্চিত করেন। তিনি জানান, কলেজছাত্রীকে ছুরিকাঘাতের ঘটনায় ছেলে কাওসার আলম ওরফে অভিকে পুলিশের হাতে তুলে দিয়েছেন তাঁর মা নাসরিন আলম।

আহত তরুণী বগুড়ার একটি কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থী। তিনি স্থানীয় একটি বিউটি পারলারে কাজ শিখছিলেন।

মেয়েটির পরিবার ও পুলিশ জানায়, বগুড়া শহর যুবলীগের সভাপতি মাহফুজুল আলম জয়ের ছেলে কাওসার আলম ওই মেয়েকে উত্ত্যক্ত করে আসছিলেন। গত বৃহস্পতিবার (৩০ আগস্ট) বিকেলে মেয়েটি বাড়ি থেকে রিকশায় করে বাদুরতলার একটি বিউটি পারলারে যাচ্ছিলেন। পথে করনেশন উচ্চবিদ্যালয়ের সামনে পৌঁছামাত্র কাওসার আলমসহ অজ্ঞাত তিন-চারজন দুটি মোটরসাইকেলে করে তাঁর রিকশার পথরোধ করেন। এ সময় তাঁকে কিল-ঘুষি মেরে ও লাঠি দিয়ে পিটিয়ে জখম করেন তাঁরা। একপর্যায়ে কোনো কিছু বুঝে ওঠার আগেই কাওসার ছুরি দিয়ে মেয়েটির ঊরুর নিচে আঘাত করেন। এ সময় মেয়েটি চিৎকার দিয়ে মাটিতে পড়ে যান। স্থানীয় লোকজন এগিয়ে এলে কাওসার ও তাঁর সঙ্গীরা মেয়েটিকে জীবননাশের হুমকি দিয়ে পালিয়ে যান।

আহত অবস্থায় মেয়েটিকে পরে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। এখন তিনি বাড়িতে রয়েছেন।

ঘটনার দুদিন পর গত শনিবার সন্ধ্যায় কাওসারের নাম উল্লেখ করে তিন-চারজন অজ্ঞাতনামা ব্যক্তিকে আসামি করে সদর থানায় মামলা করেন মেয়েটির বাবা। পুলিশ জানায়, ওই মামলায় কাওসারকে গ্রেপ্তার দেখানো হয়েছে।