কলেজছাত্রীকে জুতাপেটা করলেন ইউপি সদস্য!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বখাটেপনার প্রতিবাদ করায় একজন ইউপি সদস্য এক কলেজছাত্রীকে জুতাপেটা করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। গুরুতর অবস্থায় মেয়েটিকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। পাবনার চাটমোহর উপজেলার মীর্জাপুর গ্রামে গত বুধবার এ ঘটনা ঘটেছে। এলাকাবাসী জানান, উপজেলার নিমাইচড়া ইউনিয়ন পরিষদের (ইউপি) ৩ নম্বর ওয়ার্ড সদস্য রুহুল আমিন (৩৫) বেশ কিছুদিন ধরে একই ইউনিয়নের মীর্জাপুর গ্রামের কলেজপড়ুয়া একটি মেয়েকে (২৫) উত্ত্যক্ত করে আসছিলেন। মেয়েটি বাড়ি থেকে বের হলেই রুহুল আমিন তাঁকে উত্ত্যক্ত করতেন। বুধবার বিকেলে মেয়েটি মামার বাড়িতে বেড়াতে যাওয়ার সময় রুহুল তাঁর পথ রোধ করে আবারও উত্ত্যক্ত করেন। এ সময় এর প্রতিবাদ জানালে রুহুল তাঁকে লাথি মেরে ও ব্যাপক জুতাপেটা করে পালিয়ে যান। পরে এলাকাবাসী মেয়েটিকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে ভর্তি করেন।অভিযোগ অস্বীকার করে ইউপি সদস্য রুহুল আমিন প্রথম আলোকে বলেন, ‘মেয়েটি এনজিওতে চাকরি করার সুবাদে আমার কাছ থেকে ৩০ হাজার টাকা নিয়েছিল। আমি ওই টাকা ফেরত চাওয়ায় সে আমাকে ফাঁসানোর জন্য মিথ্যা অভিযোগ করেছে।’