কলেজছাত্রীকে দাহ্য পদার্থ নিক্ষেপের প্রতিবাদে মানববন্ধন
সুনামগঞ্জে কলেজছাত্রীর ওপর দাহ্য পদার্থ নিক্ষেপের প্রতিবাদে ও গ্রেপ্তারকৃত ব্যক্তির দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন করেছেন শিক্ষক-শিক্ষার্থীরা। গতকাল রোববার সুনামগঞ্জ সরকারি কলেজে এই মানববন্ধন হয়।
মানববন্ধন চলাকালে বক্তারা ঘটনার তীব্র নিন্দা জানান। তাঁরা গ্রেপ্তারকৃত মোহন মিয়ার দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন। এ সময় বক্তব্য দেন কলেজের অধ্যক্ষ আবদুস সাত্তার, শিক্ষক আবদুর রকিব প্রমুখ।
গত বুধবার রাতে সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলায় নিজ বাড়িতে ঘুমন্ত অবস্থায় ওই ছাত্রীর ওপর দাহ্য পদার্থ নিক্ষেপ করা হয়। এ ঘটনায় পরদিন একই গ্রামের মোহন মিয়াকে (২০) গ্রেপ্তার করে পুলিশ।
উন্নত চিকিৎসার জন্য ওই ছাত্রীকে গতকাল সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসাপাতালের বার্ন ইউনিট থেকে ঢাকায় নিয়ে যাওয়া হয়েছে।
মেয়েটির বড় ভাই বলেন, বেসরকারি সংস্থা ব্র্যাকের সহায়তায় ঢাকার অ্যাসিড সারভাইভরস ফাউন্ডেশনে তাঁর চিকিৎসা হবে।
মেয়েটি সুনামগঞ্জ পৌর শহরে থেকে কলেজে পড়াশোনা করে। ঈদুল আজহার ছুটিতে বাড়ি গিয়েছিল। মোহন মিয়া তাকে প্রায়ই উত্ত্যক্ত করতেন। প্রেমের প্রস্তাবে সাড়া না দেওয়ায় ক্ষুব্ধ হয়ে মোহন তার ওপর দাহ্য পদার্থ নিক্ষেপ করেন বলে পরিবারের লোকজন অভিযোগ করে।