কলেজছাত্রীকে ধর্ষণ তরুণকে গণপিটুনি পুলিশে সোপর্দ
কলেজ থেকে বাড়ি ফেরার পথে ধর্ষণের শিকার হয়েছে এক ছাত্রী (১৭)। টের পেয়ে লোকজন ওই ছাত্রীকে উদ্ধার করেন এবং অভিযুক্ত তরুণকে আটক করে পিটুনি দেন। পরে ওই তরুণকে পুলিশে সোপর্দ করা হয়। গতকাল শনিবার দুপুরে গাজীপুরের কালিয়াকৈর উপজেলার ফুলবাড়িয়া এলাকায় এ ঘটনা ঘটে।
গ্রেপ্তার হওয়া তরুণ আফজাল হোসেনের (২০) বাড়ি উপজেলার সিঙ্গাপুর বাজার এলাকায়।
ফুলবাড়িয়া এলাকার কয়েকজন বাসিন্দা ও পুলিশ জানায়, ওই কলেজছাত্রী গতকাল বেলা আড়াইটার দিকে বিলের দক্ষিণ পাড় ধরে বাসায় ফিরছিল। এ সময় ওত পেতে থাকা আফজাল তার গতিরোধ করেন এবং একপর্যায়ে ধর্ষণ করেন। দূর থেকে এক জেলে ঘটনা দেখতে পেয়ে ফুলবাড়িয়া বাজারের লোকজনকে জানান। পরে বাজারের লোকজন গিয়ে কলেজছাত্রীকে উদ্ধার করেন। আফজাল দৌড়ে পালানোর চেষ্টা করলে এলাকাবাসী তাঁকে আটক করে পিটুনি দেন। খবর পেয়ে ফুলবাড়িয়া পুলিশ ক্যাম্পের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে আফজালকে আটক করেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে ফুলবাড়িয়া পুলিশ ক্যাম্পের সহকারী উপপরিদর্শক (এএসআই) জাকির হোসেন জানান, ওই কলেজছাত্রীকে উদ্ধার করে প্রথমে কালিয়াকৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে গাজীপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়।