কলেজছাত্রীকে ধর্ষণের প্রতিবাদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকার সাভারে কলেজছাত্রী ধর্ষণের প্রতিবাদে গতকাল মঙ্গলবার সকালে সাভার থানা বাসস্ট্যান্ড এলাকায় মানববন্ধন হয়েছে। এতে অংশ নেয় সাভার উপজেলা ও এনজিও সমন্বয় পরিষদসহ স্থানীয় সামাজিক সাংস্কৃতিক সংগঠন এবং বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। মানববন্ধন থেকে ধর্ষকসহ পলাতক আসামিদের গ্রেপ্তার এবং তাদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়। মানববন্ধন উপলক্ষে গতকাল সকাল থেকেই এলাকাবাসীসহ বিভিন্ন পর্যায়ের মানুষ ও এনজিও প্রতিনিধি ও কর্মীরা জড়ো হতে থাকেন সাভার থানা বাসস্ট্যান্ড এলাকায়। সকাল সাড়ে ১০টার দিকে তাঁরা হাতে হাত রেখে ঢাকা-আরিচা মহাসড়কের পাশে দাঁড়িয়ে মানববন্ধনে অংশ নেন।মানববন্ধনে বক্তব্য দেন সাভার উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান রোকেয়া হক, সাভার থানার উপপরিদর্শক (এসআই) সাজ্জাদ রোমন, বেসরকারি প্রতিষ্ঠান ভার্কের নির্বাহী পরিচালক শেখ আবদুল হালিম। বক্তাদের অধিকাংশই ধর্ষকসহ পলাতক আসামিদের গ্রেপ্তার ও তাদের দৃষ্টান্তমূলক শাস্তির পাশাপাশি আর যাতে কোনো নারী ও শিশু এ ধরনের ঘটনার শিকার না হয়, সেদিকে সচেষ্ট হওয়ারও দাবি জানান। এ সময় এসআই সাজ্জাদ ধর্ষকসহ বাকি আসামিদের গ্রেপ্তার করে জড়িত সবাইকে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করার আশ্বাস দেন। বেড়ানোর কথা বলে এক বান্ধবী গত ২৫ নভেম্বর ওই কলেজছাত্রীকে সাভারে নিয়ে আসেন। এরপর অসুস্থ ফুপুকে দেখার কথা বলে ওই বান্ধবী ছাত্রীকে সাভার পৌরসভার ব্যাংক কলোনি এলাকার ছাপরা মসজিদের পাশে এম এ মান্নান ভিলার পাঁচতলার একটি ফ্ল্যাটে নিয়ে যান। সেখানে আগে থেকেই কয়েকজন তরুণ অবস্থান করছিলেন। জাহেদ নামের একজন কলেজছাত্রীকে ধর্ষণ করেন। এ সময় অন্যরা তাঁকে সহায়তা করেন এবং ধর্ষণের ভিডিও ধারণ করেন। এ ব্যাপারে মেয়েটির মা বাদী হয়ে গত বৃহস্পতিবার সাভার থানায় মামলা করেন। মামলার পর বৃহস্পতিবার রাতেই পুলিশ দানেশ, রায়হান, মহিউদ্দিন ও কলেজছাত্রীর বান্ধবীকে গ্রেপ্তার করে। গত শুক্রবার গ্রেপ্তার হয় ওয়াসিম নামের আরও একজন।