কলেজছাত্রীকে পুড়িয়ে মারার চেষ্টার মামলায় আসামি গ্রেপ্তার
জয়পুরহাটে এক কলেজছাত্রী (১৯) ও তাঁর নানিকে দাহ্য পদার্থের আগুনে ঝলসে দেওয়ার মামলায় অভিযুক্ত আসামি বখাটে সায়েম উদ্দিনকে প্রায় এক সপ্তাহ পর গ্রেপ্তার করেছে পুলিশ। বর্তমানে তাঁকে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। দিনাজপুর জেলার হাকিমপুর থানার উপপরিদর্শক (এসআই) ও মামলার তদন্তকারী কর্মকর্তা হাসান বাশির জানান, সায়েম গত বুধবার রাত ১২টার দিকে নওগাঁর ধামইরহাট থেকে ঢাকাগামী একটি পরিবহন কোম্পানির নৈশকোচে করে যাচ্ছিলেন। এ সময় বগুড়ার বনানী নামক স্থানে বগুড়া সদর থানার পুলিশের সহায়তায় বাসটিতে তল্লাশি চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়। শুক্রবার (আজ) তাঁকে দিনাজপুরের আদালতে হাজির করা হবে।
মামলা ও পরিবারের অভিযোগে জানা গেছে, জয়পুরহাট সদর উপজেলার চিরলা-নওপাড়া গ্রামের মেয়ে ও মঙ্গলবাড়ি ডিগ্রি কলেজের ওই ছাত্রীকে দীর্ঘদিন ধরে একই গ্রামের গিয়াস উদ্দিনের ছেলে ও দুই সন্তানের বাবা সায়েম উত্ত্যক্ত করতেন। একপর্যায়ে তিনি ওই ছাত্রীকে বিয়ের প্রস্তাব দেন। ওই ছাত্রী ও তাঁর পরিবার এতে অস্বীকৃতি জানালে ক্ষিপ্ত হয়ে সায়েম ওই ছাত্রী ও তাঁর পরিবারের সদস্যদের মেরে ফেলার হুমকি দেন।
এতে শঙ্কিত মা-বাবা সম্প্রতি ওই ছাত্রীকে দিনাজপুরের হাকিমপুর উপজেলার চণ্ডীপুর গ্রামে তাঁর নানির বাড়িতে রেখে আসেন। এ অবস্থায় ৬ ফেব্রুয়ারি ওই ছাত্রী ও তাঁর নানিকে ঘুমন্ত অবস্থায় ‘পেট্রল’ ঢেলে শরীরে আগুন ধরিয়ে দেন সায়েম। গুরুতর অগ্নিদগ্ধ ছাত্রী ও তাঁর নানি বর্তমানে ঢাকায় অ্যাসিড সারভাইভারস ফাউন্ডেশনে চিকিৎসাধীন।