কলেজছাত্রীকে মারধর ২৬ দিনেও আসামিরা গ্রেপ্তার হয়নি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পঞ্চগড়ের বোদা উপজেলায় কলেজছাত্রী ও তাঁর বাবা-মাকে মারধর করে আহত করার ঘটনায় দায়ের করা মামলার আসামিদের ২৬ দিনেও গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। তবে আসামিরা প্রকাশ্যে ঘুরে বেড়ালেও তাঁদের পুলিশ ধরছে না বলে অভিযোগ করেছে ওই ছাত্রীর পরিবার।
মামলার এজাহার সূত্রে জানা গেছে, বড়ুয়াপাড়া গ্রামের পদ্মলোচন দে একই গ্রামের কংকর পদ দে, শংকর পদ দে ও অশ্বিনী কুমার দে নামে তিন ব্যক্তির বিরুদ্ধে গত ১১ নভেম্বর থানায় একটি মামলা করেন। ১ এপ্রিল সকালে পদ্মলোচন দের ভাতিজি কলেজছাত্রী পাপড়ি রানী বাড়ির পাশে মরিচখেতে মরিচ তুলতে যান। ওই মামলার জের ধরে পাপড়িকে লোহার রড দিয়ে পেটান কংকর পদ দের নির্দেশে তমাল কুমার দে। এ সময় পাপড়ির বাবা রতন কুমার দে, মা সিবানী রানী দে তাঁকে রক্ষা করতে এগিয়ে এলে রাজীব কুমার দে, শংকর পদ দেসহ সাত-আটজন তাঁদেরও মারধর করেন। পরে তিনজনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। এর মধ্যে পাপড়ির অবস্থা গুরুতর হওয়ায় তাঁকে ঠাকুরগাঁও হাসপাতালে স্থানান্তর করা হয়। তাঁর ডান পায়ের হাঁটুর নিচের হাড় ভেঙে গেছে। তিনি হাঁটাচলা করতে পারছেন না। তিনি এখনো হাসপাতালে চিকিৎসাধীন। এ ঘটনায় পদ্মলোচন দে আটজনকে আসামি করে ৩ এপ্রিল থানায় আরও একটি মামলা করেন।
পদ্মলোচন দে অভিযোগ করে বলেন, প্রকাশ্যে ঘুরে বেড়ালেও ২৬ দিনেও পুলিশ আসামিদের গ্রেপ্তার করতে পারেনি।
মামলার তদন্তকারী কর্মকর্তা ও বোদা থানার এসআই আবদুল খালেক বলেন, ‘আসামি ধরতে কয়েকবার অভিযান চালিয়েছি। শুনেছি, বাদী মামলা মীমাংসার চেষ্টা করছেন। বাদী আসামিদের অবস্থান জানাতে পারছেন না।’